
শেষ আপডেট: 16 November 2022 09:44
দ্য ওয়াল ব্যুরো: মঙ্গলবার বেলপাহাড়িতে সরকারি কর্মসূচি সেরে সড়কপথে ঝাড়গ্রাম (Jhargram) ফেরার সময়ে শিলদার কুরচিবনী, মুচিগঞ্জে কনভয় থামিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। স্থানীয়রা দাবি জানিয়েছিলেন, পানীয় জলের সংযোগের (Drinking Water Connection)। বুধবার সেই গ্রামে পৌঁছে গেল পানীয় জলের সংযোগ। এদিন ঝাড়গ্রামের হেলিপ্যাড গ্রাউন্ডে মুখ্যমন্ত্রী বলেন, ‘আমি ডিএম, এসপি-র সঙ্গে মিটিং করেছিলাম। আজকে পানীয় জলের সংযোগ পৌঁছে গিয়েছে।’
মুখ্যমন্ত্রী গতকাল বলেছিলেন, রাজ্য সরকার ঠিক করেছে বাংলার প্রতিটা বাড়িতে পরিস্রুত পানীয় জলের সংযোগ পৌঁছে যাবে। কিন্তু অতদিন অপেক্ষা করতে হল না কুরচিবনী, মুচিগঞ্জের মানুষকে। চব্বিশ ঘণ্টা কাটার আগেই জলসংযোগ পৌঁছে গেল খেরোয়ালি সম্প্রদায়ভুক্ত গ্রামে।
'বিজেপি প্রার্থী দিলে দলের নেতারা শাস্তি পাবেন', পঞ্চায়েত নিয়ে বেলাগাম উদয়ন
মঙ্গলবার স্থানীয়রা মুখ্যমন্ত্রীর কাছে আবাস যোজনার বাড়ির দাবিও জানিয়েছিলেন। কিন্তু এদিন মুখ্যমন্ত্রী বলেন, এখনই তা হচ্ছে না। কারণ আবাস যোজনার টাকা দেওয়াটা বন্ধ করে দিয়েছে দিল্লি। আবাস যোজনা, ১০০ দিনের কাজ, সড়ক যোজনা—কোনও খাতেই টাকা দিচ্ছে না কেন্দ্রীয় সরকার। অনেকের মতে, মুখ্যমন্ত্রী এদিন বোঝাতে চেয়েছেন, তাঁর যতটুকু সাধ্য তা তিনি মানুষকে দেবেন। কিন্তু দিল্লি মানুষের প্রাপ্য আটকে রেখেছে।