দ্য ওয়াল ব্যুরো: কোভিড অতিমারীর সময় গুরুত্বপূর্ণ নির্দেশ মাদ্রাজ হাইকোর্টের। ব্যবসায়িক প্রতিষ্ঠান, হোটেল, বেকারি, অন্য যেসব সংস্থা কাস্টমারদের সরাসরি খাদ্যসামগ্রী সরবরাহ করে, তাদের কর্মীদের অনেক সময় মুখ থেকে থুতু, লালা নিয়ে কভার বা প্যাকিং সামগ্রীতে লাগিয়ে আলাদা করতে দেখা যায়। বা ফুঁ দিয়েও প্লাস্টিকের প্যাকিং কভার আলাদা করেন তাঁরা। তাঁদের এমন করতে বারণ করল মাদ্রাজ হাইকোর্ট। ফুঁ দেওয়া, থুতু-লালা ব্যবহার করা উচিত নয় বলে জানাল প্রধান বিচারপতি সঞ্জীব বন্দ্যোপাধ্যায়, বিচারপতি সেন্থিলকুমার রামমূর্তিকে নিয়ে গঠিত মাদ্রাজ হাইকোর্টের ফার্স্ট বেঞ্চ।
এ ব্যাপারে আদালতে একটি জনস্বার্থ পিটিশন দিয়েছিলেন তিরুচেন্দুরের আইনজীবী বি রামকুমার আদিত্যন। পিটিশনে তিনি ব্যবসায়ী প্রতিষ্ঠানগুলির মধ্যে প্যাকিং সামগ্রীর ব্যাপারে সচেতনতা ছড়ানোর আবেদন করেন তিনি। পিটিশনটি গ্রহণ করে বেঞ্চ। প্যাকাররা কভার আলাদা করে থুতু-লালা ব্যবহার করেন ফুঁ দেন, যার ফলে বর্তমান পরিস্থিতিতে কোভিড ১৯ সংক্রমণ ছড়ানোর আশঙ্কা থাকে বলে সওয়াল করেন তিনি। বেঞ্চ স্বীকার করেন, এগুলো আমরা করার সময় খেয়ালই করি না।
পিটিশনারের উদ্যোগকে সাধুবাদ দিয়ে বেঞ্চ রাজ্য সরকারকে বলে, ফুড আইটেম প্যাকিংয়ে যুক্ত সব ব্যবসায়ী প্রতিষ্ঠানকে এব্যাপারে নির্দেশ দিতে বা সচেতনতা ছড়াতে হবে।
বিষয়টির শুনানি স্থগিত রাখা হয়েছে চার সপ্তাহ।