
শেষ আপডেট: 12 July 2022 07:16
দ্য ওয়াল ব্যুরো: নিজেদের স্বার্থে অবলা প্রাণীদের মেরে ফেলার ঘটনা কিছু নতুন নয়। নিজেদের সামান্য অসুবিধার জন্য নৃশংসভাবে নিরীহ কুকুর বিড়ালকে (Dog Murder) মেরে কিছু মানুষ নারকীয় আনন্দ উপভোগ করে। আর এই কথা বললেই মনে পড়ে যায় কলকাতা শহরের নামজাদা হাসপাতাল এনআরএসের (NRS) কথা। ২০১৯ সালের এই জুলাই মাসেই হাসপাতালের দু’জন নার্স ১৬টি কুকুর ছানাকে বিষ খাইয়ে মেরে প্যাকেটবন্দি করে ফেলে রাখে।
এবার সেইরকম ঘটনারই ছাপ দেখা গেল উত্তর ২৪ পরগনা জেলার বনগাঁতে (Bongaon)। এক ফুল চাষির জমি থেকে রজনিগন্ধা ফুল খেয়ে নেওয়ার জন্য প্রায় ১০টি কুকুরকে কীটনাশক খাইয়ে মেরে ফেলল ফুল চাষি। বনগাঁর গোপালনগর থানা এলাকার পাঁচপোতার গঙ্গানন্দপুরের বাসিন্দা শেখ জাহাঙ্গীর মণ্ডল, পেশায় ফুল চাষি। এলাকায় নিজের জমিতে রজনিগন্ধা ফুল চাষ করেছিলেন তিনি। কয়েকদিন ধরেই ওই গ্রামের কিছু কুকুর ফুলের জমিতে উৎপাত চালাচ্ছিল। সেই উৎপাত থেকে একেবারে মুক্তি পেতেই কুকুরগুলিকে জাহাঙ্গীর কীটনাশক খাইয়েছে বলে অভিযোগ গ্রামবাসীদের।
সোমবার সন্ধ্যায় হঠাৎই এলাকার ৮ থেকে ১০টি কুকুরকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। গ্রামের লোকজনের সন্দেহ হয় জাহাঙ্গিরের উপরেই। কারণ অনেকদিন ধরেই কুকুরগুলোর উপরে খুবই বিরক্ত ছিলেন তিনি। সন্দেহবশত গ্রামের লোকজন জাহাঙ্গীরের বাড়িতে গিয়ে সেখানে ৬টি কুকুর মৃত অবস্থায় পড়ে রয়েছে।
এরপর গ্রামবাসীরা গোপালনগর থানার পুলিশকে খবর দেন। পুলিশ এসে ফুলচাষি শেখ জাহাঙ্গীর মণ্ডলকে গ্রেফতার করে।
এই ঘটনা আবারও তিন বছর আগে এনআরএসের নৃশংস ঘটনার কথা মনে করিয়ে দিচ্ছে। মানুষ কী ভাবে অবলা প্রাণীকে মেরে ফেলতে পারে, এই প্রশ্নের হয়তো কোনও উত্তর হয়না।
এনআরএস চত্বরে উদ্ধার প্যাকেটবন্দি ১৬টি কুকুরছানার দেহ! অনুমান, বিষ খাইয়ে খুন