রোজ এসে দুধ খায়, আজ খেল পায়েস, আউশগ্রামের অঙ্গনওয়াড়িতে অন্নপ্রাশনের উৎসব ১১ শিশুর
দ্য ওয়াল ব্যুরো, পূর্ব বর্ধমান : অন্যদিন ব্যস্ততা থাকে। আজ সেই ব্যস্ততার সঙ্গে মিশে ছিল আনন্দ আর উৎসবের মেজাজও । যাদের জন্য এতদিন বরাদ্দ ছিল শুধু দুধ, এ বার যে তারা ভাত খাবে! তাই টাঙানো হল রঙিন বেলুন। মাটিতে আঁকা হল আলপনা। রঙবাহারি কাগজে সক
শেষ আপডেট: 23 August 2019 08:38
দ্য ওয়াল ব্যুরো, পূর্ব বর্ধমান : অন্যদিন ব্যস্ততা থাকে। আজ সেই ব্যস্ততার সঙ্গে মিশে ছিল আনন্দ আর উৎসবের মেজাজও । যাদের জন্য এতদিন বরাদ্দ ছিল শুধু দুধ, এ বার যে তারা ভাত খাবে! তাই টাঙানো হল রঙিন বেলুন। মাটিতে আঁকা হল আলপনা। রঙবাহারি কাগজে সকাল সকাল সেজে উঠল আউশগ্রামের ঝাড়গড়িয়ার অঙ্গনওয়াড়ি কেন্দ্র।
কারও বাড়ি ঝাড়গড়িয়ায়, কারও বাড়ি বনপাড়ায়, কারও বাড়ি যাদবগঞ্জে। প্রতিদিন মায়ের কোলে করে ঝাড়গড়িয়া অঙ্গনওয়াড়ি কেন্দ্রে বরাদ্দ দুধ খেতে আসে ওরা। শুক্রবার সেজে গুজে বসে ভাত খেল এখানে। আউশগ্রাম ১ নম্বর ব্লকের বিডিও চিত্তজিৎ বসু পায়েস খাইয়ে ভাতের সঙ্গে পরিচয় করিয়ে দিলেন তাদের।

সরকারি উদ্যোগে এ দিন রীতিমতো ঘটা করে এলাকার ৬ থেকে ৯ মাস বয়সের ১১টি শিশুর অন্নপ্রাশন হল এই অঙ্গনওয়াড়ি কেন্দ্রে। ব্লকের অঙ্গনওয়াড়ি সুপারভাইজার সোমা তেওয়ারি বললেন, “৬ মাস বয়সের পর প্রত্যেকটা শিশুর ভারী খাবারের প্রয়োজন হয়। বাড়ির লোককে এই সম্পর্কে সচেতন করতেই এই অনুষ্ঠান। শিশুর স্বাস্থ্য নিয়ে সজাগ থাকতে হবে সব মায়েদেরই।”

বিডিও চিত্তজিৎবাবু আগাগোড়া উপস্থিত ছিলেন অনুষ্ঠানে। এ বার থেকে প্রতি তিন মাস অন্তর অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলিতে এমন অন্নপ্রাশন অনুষ্ঠানের আয়োজন করা হবে বলে জানান তিনি।
সরকারি স্তরে বার্তা দিতেই এই অনুষ্ঠান। তবে সেই অনুষ্ঠান ঘিরে এ দিন রীতিমতে আনন্দে মেতে উঠেছিলেন সবাই। অন্যদিন মা ও শিশুদের জন্য বরাদ্দ থাকে স্বাস্থ্যকর খিচুড়ি। আজ সঙ্গে ছিল চাটনি, পাঁপড় আর মিষ্টিও।