
শেষ আপডেট: 18 March 2022 05:56
দ্য ওয়াল ব্যুরো: বসন্ত উৎসবের দিনেও জমি বিবাদকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল কোচবিহারের দিনহাটায় (Dinhata)। এলাকারই দুই বাসিন্দার মধ্যে এই ঝামেলা বাঁধে, যা ক্রমশ গড়ায় হাতাহাতির (Clash) পর্যায়ে। শেষে একপক্ষের বাড়ির লোকজনকে মারধর করে বাড়িতে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগও উঠেছে। ঘটনার বীভৎসতায় চাঞ্চল্য ছড়িয়েছে দিনহাটা ১ নম্বর ব্লকের ছোট ফলিমারী এলাকায়।
জানা যায়, এদিন সকালবেলা জমি বিবাদকে কেন্দ্র করে ওই এলাকার আয়নাল হক ও জয়নাল হকের মধ্যে প্রথমে বচসা বাঁধে। এরপর সেই বচসা হাতাহাতিতে পরিণত হয়। পরে জয়নাল হক আয়নাল হকের বাড়ির লোককে মারধর করে তাঁর বাড়িতে আগুন লাগিয়ে দেয়।
নিমেষের মধ্যে গোটা বাড়িতে আগুন ছড়িয়ে পড়ে। তবে সবাই সেইমুহূর্তে বাইরে থাকায় প্রাণহানির ঘটনা ঘটেনি। অন্যদিকে, আগুন লাগার খবর পেতেই তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছয় দমকলের একটি ইঞ্জিন। শেষে দমকলকর্মীরাই সেই আগুন নিয়ন্ত্রণে আনে। দিনহাটা থানার পুলিশ গিয়ে এই ঘটনার তদন্ত শুরু করেছে।
বিরোধী শিবিরে ভাঙন! উপনির্বাচনের আগে তৃণমূলে যোগদান ৭০ পরিবারের