
নিশীথ প্রামাণিক। ফাইল ছবি।
শেষ আপডেট: 8 June 2024 16:20
দ্য ওয়াল ব্যুরো: তিনি ছিলেন অমিত শাহের ডেপুটি। তাঁর প্রচারে প্রধানমন্ত্রী থেকে স্বরাষ্ট্রমন্ত্রী সকলেই এসেছিলেন। এহেন নিশীথ প্রামাণিকের পরাজয়ের পর থেকেই কোচবিহারের দিনহাটায় গেরুয়া শিবিরে ধস নেমেছে। যা নিয়ে শোরগোল উত্তরের রাজনীতি।
কোচবিহারের দিনহাটায় তিনটি গ্রাম পঞ্চায়েতের বিজেপি সদস্যরা শুক্রবারই তৃণমূলে যোগ দিয়েছেন। এই তিনটি
গ্রাম পঞ্চায়েত এতদিন বিজেপির দখলে ছিল। এবার সেখানে সংখ্যা গরিষ্ঠ তৃণমূল।
নিশীথের লোকসভা এলাকার প্রায় সর্বত্রই এই ধস নেমেছে বলে দাবি তৃণমূলের। দিনহাটার বিধায়ক ও উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহ বলেন, "দিনহাটার মানুষ নিজেদের ভুল বুঝতে পেরেছেন। তাঁরা এখন তৃণমূলের উন্নয়নে সামিল হতে চাইছেন। তাই দলে দলে মানুষ বিজেপি ছেড়ে আসছেন।"
যদিও কোচবিহারের বিজেপি সভাপতি সুকুমার রায়ের অভিযোগ, "ভোটে জিতেই সন্ত্রাসের পথে নেমে পড়েছে তৃণমূল। যে সমস্ত জায়গায় বিজেপি শক্তিশালী সেখানে ধরে ধরে জোর করে সকলকে তৃণমূলে যোগদান করতে বাধ্য করা হচ্ছে। রাজ্য নেতৃত্বকে সমস্ত ঘটনা জানিয়েছি।"
প্রসঙ্গত, নিশীথের আসন দিয়েই এবারের লোকসভা ভোটে উত্তরে খাতা খুলল তৃণমূল। ফল প্রকাশের পর মানুষকে ধন্যবাদ জানাতে গিয়ে কোচবিহারের প্রসঙ্গ আলাদা করে উল্লেখ করেছিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বলেছিলেন, "কোচবিহারের মানুষ ছোট স্বরাষ্ট্রমন্ত্রীর কোমর ভেঙে দিয়েছে। আগামীদিনে উত্তরবঙ্গ জুড়ে একই অবস্থা হবে বিজেপির।"
জানা যাচ্ছে, ভেটাগুড়ি এক ও দু নম্বর এবং মাতালহাট গ্রাম পঞ্চায়েতের বিজেপির জয়ী সদস্যরা সকলেই তৃণমূলে যোগ দিয়েছেন। ফলে এই তিনটি গ্রাম পঞ্চায়েত হাতছাড়া হয়ে গেল গেরুয়া শিবিরের।
প্রসঙ্গত ভোটের মুখে গত জানুয়ারি মাসে তৃণমূলে যোগ দিয়েছিলেন তৎকালীন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের দুই তুতো দাদা।