
শেষ আপডেট: 26 August 2022 07:56
দ্য ওয়াল ব্যুরো: কদিন আগে কেন্দ্রীয় তদন্ত এজেন্সি সিবিআইয়ের ভূমিকা নিয়ে তাঁর চরম হতাশার কথা জানিয়েছিলেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh)। তাঁর অভিযোগ ছিল, সিবিআইয়ের মধ্যে দুর্নীতিবাজ অফিসাররা রয়েছেন। যাঁরা তৃণমূল নেতাদের সঙ্গে অর্থের বিনিময়ে সেটিং করে নিচ্ছেন।
শুভেন্দু অধিকারী–সুকান্ত মজুমদাররা যখন ঘন ঘন সিবিআই-ইডি জুজু দেখাচ্ছেন তখন দিলীপের এই মন্তব্যে হই হই পড়ে গেছিল। অস্বস্তি গ্রাস করতে শুরু করেছিল রাজ্য বিজেপিকে (Bjp)। অবশেষে তাঁর পুরনো বুলি থেকে ডিগবাজি খেলেন দিলীপ। শুক্রবার এ ব্যাপারে প্রশ্নের জবাবে দিলীপ বলেন, আদালত সিবিআইয়ের উপর তদন্ত ভার দিয়েছে। তাদের উপর ভরসা করছে। তাই আর বিকল্প কী আছে। ওদের উপর আস্থা রাখতে হবে।
দিলীপ ঘোষকে প্রশ্ন করা হয়েছিল, তবে যে আগে আপনি অনাস্থা প্রকাশ করেছিলেন? জবাবে দিলীপ ঘোষ বলেন, বিজেপি কর্মীদের উপর রাজনৈতিক অত্যাচার ও হিংসার ঘটনায় সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিল হাইকোর্ট। সেই তদন্তের বিশেষ অগ্রগতি না দেখেই ও কথা বলেছিলাম।
তবে রাজ্য বিজেপির একাংশ নেতার মতে, দিল্লি দাওয়াইয়ের পর সুর বদল করেছেন দিলীপ। কদিন আগে বিজেপি সভাপতি জে পি নাড্ডা দিলীপ ঘোষকে ফোন করে এ ব্যাপারে সংযত হতে বলেছেন বলে তাঁদের দাবি। সেই কারণেই দিলীপ রণে ভঙ্গ দিয়েছেন বলে তাঁরা মনে করছেন।
বস্তুত, দিলীপ যে অভিযোগ এনেছেন, তাতে শুধু রাজ্য বিজেপি বেকায়দায় পড়েছে তা নয়। গোটা দেশ জুড়ে বিরোধী দলের নেতা মন্ত্রীদের বিরুদ্ধে সিবিআই ও ইডি তৎপর হয়েছে। যা নিয়ে তীব্র সমালোচনাও শুরু হয়েছে। বিরোধীদের বক্তব্য, নির্লজ্জ ভাবে সিবিআই ইডিকে রাজনৈতিক হাতিয়ার করছে বিজেপি। এর মধ্যে আবার দলের সর্বভারতীয় সহ সভাপতি যদি সিবিআইয়ের চরিত্র নিয়ে প্রশ্ন তুলে দেন, তা হলে অস্বস্তি হওয়ারই কথা। তবে শুক্রবার দেখা গেল আপাতত দিলীপ ঘোষ এবিষয়ে আব্বুলিস দিয়েছেন। এখান দেখার কাল ফের নতুন কী বলেন প্রাক্তন রাজ্য সভাপতি।
নেতাইয়ের সিপিএমের ফুল্লরা জেল থেকে বেরোলেন, বললেন ‘ষড়যন্ত্র’