দ্য ওয়াল ব্যুরো: গত সপ্তাহেই চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। যার ভিত্তিতে হবে একুশের বিধানসভা ভোট। বুধবার সেই তালিকা নিয়েই বিস্ফোরক অভিযোগ করলেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।
এদিন মেদিনীপুরের সাংসদ বলেন, "ভোটার লিস্টে চার থেকে পাঁচ লক্ষ রোহিঙ্গার নাম ঢুকেছে।" এ নিয়ে নির্বাচন কমিশনের কাছে বিজেপির তরফে অভিযোগ জানানো হবে বলেও জানিয়েছেন দিলীপ ঘোষ।
বিজেপি রাজ্য সভাপতির এ হেন অভিযোগ নিয়ে তৃণমূলের অন্যতম মুখপাত্র তথা রাজ্যসভার সাংসদ সুখেন্দুশেখর রায় বলেন, "বিজেপির যদি কিছু বলার থাকে তাহলে নির্বাচন কমিশনের কাছে গিয়ে বলুক।"
বিজেপির অনেক দিনের অভিযোগ, মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের বদান্যতায় পশ্চিমবঙ্গ এখন রোহিঙ্গাদের মুক্তাঞ্চল হয়ে গেছে। শুধু মাত্র ভোট ব্যাঙ্কের রাজনীতির জন্যই এই কাজ করা হচ্ছে। যা দেশের অভ্যন্তরীণ নিরাপত্তার ক্ষেত্রেও বিপজ্জনক বলে মত গেরুয়া শিবিরের নেতাদের। এবার তাঁদের নাম ভোটার তালিকাতেও উঠে গেছে বলে অভিযোগ করলেন বিজেপির রাজ্য সভাপতি।
সংশোধিত তালিকায় পুরুষ ভোটার ৩ কোটি ৭৩ লক্ষ ৬৬ হাজার ৩০৬ এবং মহিলা ভোটারের সংখ্যা ৩ কোটি ৫৯ লক্ষ ২৭ হাজার ৮৪, পাশাপাশি তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ১ হাজার ৭৯০ জন।
এ বার চূড়ান্ত তালিকায় দেখা গিয়েছে, বিভিন্ন জেলায় ভোটারের সংখ্যা আগের থেকে অনেকটাই বেড়ে গিয়েছে। এই ভোটারদের একটা বড় অংশ অভিবাসী শ্রমিক। করোনা লকডাউনের জেরে তাঁরা ভিন রাজ্য থেকে নিজের বাসস্থানে ফিরে এসেছেন। এ ছাড়া নতুন ভোটারও রয়েছেন।