দ্য ওয়াল ব্যুরো: ব্যাপক সাফল্য পেল তৃণমূল কংগ্রেসের ‘দিদির দূত’ প্রকল্পটি। জানা গেছে, মাত্র ১০ দিনের মধ্যে এই 'দিদির দূত' অ্যাপ্লিকেশনটি ২ লক্ষেরও বেশি মানুষ ডাউনলোড করেছেন। ৪ ফেব্রুয়ারি এই প্রকল্প ও তার অ্যাপ্লিকেশনের কথা ঘোষণা করা হয় তৃণমূলের তরফে। এর পরে শনিবার, ১৩ ফেব্রুয়ারি ‘দিদির দূত’ নামক একটি গাড়িতে সোনারপুর উত্তর ও দক্ষিণ বিধানসভায় রোড শো করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। প্রচার করা হয়, যে কোনও ব্যক্তি যাঁরা দিদির সঙ্গে সরাসরি যুক্ত হয়ে তাঁর বার্তা রাজ্যের মানুষের কাছে পৌঁছে দিতে চান, তাঁরা এই গাড়ির মাধ্যমে ‘দিদির দূত’ হতে পারবেন।
গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করার পাশাপাশি ‘দিদির দূত’ গাড়ির গায়ে থাকা কিউআর কোড স্ক্যান করেও অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করতে পারবেন সকলে। প্রসঙ্গত, একুশের নির্বাচনকে টার্গেট করেই অল্প সময়ে বেশি সংখ্যক মানুষের কাছে পৌঁছতে এই প্রকল্প নিয়ে এসেছে তৃণমূল।
এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে কী হবে?
জানা গেছে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভিডিও ও নানা অনুষ্ঠান সরাসরি লাইভ স্ট্রিমিং দেখা যাবে এবং ভিডিও কনফারেন্সের মাধ্যমে যোগাযোগ করা যাবে মুখ্যমন্ত্রীর সঙ্গে। সেইসঙ্গে মুখ্যমন্ত্রীর কাছে চিঠি লেখার জন্যও এই অ্যাপটি কাজে লাগবে। এটি পশ্চিমবঙ্গের জনগণের জন্যই তৈরি করা একটি মোবাইল অ্যাপ্লিকেশন।
এই অ্যাপের মাধ্যমে সাধারণ মানুষকে দিদির সাথে কাজ করার, বাংলার জন্য কাজ করার আমন্ত্রণ জানানো হচ্ছে। পাশাপাশিই থাকছে দিদির কথা শোনা ও দিদির সঙ্গে কথা বলার বিভাগ।
সূত্রের খবর, তৃণমূল কংগ্রেসের বিভিন্ন নেতানেত্রী ‘দিদির দূত’ নামের গাড়ি ব্যবহার করবেন এবং রাজ্যের মানুষের কাছে পৌঁছবেন। যে সমস্ত মানুষ সরাসরি দিদির সাথে যোগাযোগ করতে চান, তাঁরা দিদির বার্তাবাহক (দিদির দূত) হিসেবে কাজ করতে পারবেন এবং তাঁর কাজ-উদ্দেশ্য ও লক্ষ্য সম্পর্কে জানতে পারবেন।