
শেষ আপডেট: 5 September 2022 14:55
দ্য ওয়াল ব্যুরো: রাজ্যজুড়ে ঘটা করে পালিত হচ্ছে শিক্ষক দিবস (Teacher's Day 2022)। জ্ঞানের আলো জ্বালিয়েছেন যাঁরা তাঁদের অনেকের ঘরেই আজ অন্ধকার। পেনশন অধরা, সরকারি দফতরে হত্যে দিয়ে পড়ে থেকেও প্রাপ্য টাকা থেকে বঞ্চিত অনেকেই। যেমন ডায়মন্ড হারবার হাইস্কুলের দর্শনের শিক্ষক সুপ্রকাশ ঘোষ। চার বছর হয়ে গেছে অবসর নিয়েছেন। নিয়ম মেনে আবেদন করেও আজও পেনশনের টাকা পাননি সুপ্রকাশ স্যার। এখন দু'বেলা পেট ভরে খাওয়ারও জোটে না ছাত্রদের প্রিয় মাস্টারমশাইয়ের (Teacher's Day 2022)।
মাস্টারমশাই জানিয়েছেন, ২০১৮ সালে স্কুল থেকে অবসর নিয়েছেন। সব নিয়ম মেনেই ১৫ মাস আগে পেনশনের জন্য আবেদন করেছিলেন। কিন্তু পেনশনের টাকা পাননি। গত চার বছরে বার বার ছুটেছেন শিক্ষা দফতরে। যা যা নিয়ম, নীতি আছে সব মেনেছেন। কিন্তু আজ অবধি পেনশনের টাকা তাঁর ঘরে আসেনি।

সংসার অর্থকষ্ট চরমে উঠেছে। স্ত্রী ছাড়া আরও দুই বৃদ্ধাও রয়েছেন তাঁর সংসারে। তিনি নিজেও অসুস্থ। কিডনিতে সিস্ট ধরা পড়েছে। একটা চোখ নষ্ট হয়ে গেছে। এদিকে চিকিৎসা করানোর টাকা নেই। বাড়ির বয়স্কদের জন্য ওষুধও কিনতে পারেন না। দু'বেলার অন্ন জোগাড় করাই দুষ্কর তাঁর কাছে। আধপেটা খেয়ে আর সরকারি দফতরে বার বার হত্যে দিয়েই দিন কাটছে।
সাইকেল নিয়ে ছোটেন বাড়ি বাড়ি, বিনা বেতনে ছাত্র পড়ান ডায়মন্ড হারবারের দিলীপ স্যার
ডায়মন্ড হারবার পুরসভার মাধবপুরে টালির ছাউনি দিয়ে ভাঙাচোরা ঘরের খোঁজ নেয় না কেউই। কয়েকজন সহৃদয় সহকর্মীর সাহায্যে কোনওরকমে দিন চলছে। শিক্ষক দিবসে শিক্ষকের প্রাপ্য সম্মান আর আশা করেন না সুপ্রকাশ স্যার। পেনশনের ব্যবস্থাটা যদি হয়ে যায়, তাহলে জীবনের শেষ কটা দিন একটু ভালভাবে সংসার চালাতে পারেন, এটুকুই ইচ্ছা তাঁর।