
শেষ আপডেট: 9 August 2023 10:46
দ্য ওয়াল ব্যুরো, জলপাইগুড়ি: বোর্ড গঠন করাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল ধূপগুড়ি (Dhupguri) ব্লকের গধেয়ারকুঠি গ্রাম পঞ্চায়েতে। বিজেপি (BJP) বোর্ড গঠন করতে গেলেও বিডিও অফিসের আধিকারিকরা অনুপস্থিত ছিলেন। বিজেপির অভিযোগ, তাঁদের নাকি পঞ্চায়েত অফিসে ঢুকতেই দেয়নি তৃণমূল।
জানা গেছে, ধূপগুড়ির ওই পঞ্চায়েত ত্রিশঙ্কু হয়েছে। এখানে মোট আসন সংখ্যা ২৩টি। বিজেপি দখল করেছে ১১টি আসন। তৃণমূল পেয়েছে ৯ টি আসন। সিপিএম ২টি ও নির্দল পেয়েছে ১ টি করে আসন। বুধবার ব্লক প্রশাসনের পক্ষ থেকে গধেয়ারকুঠি গ্রাম পঞ্চায়েতের বোর্ড গঠনের নির্দেশিকা জারি করা হয়।
বিজেপির দাবি, বোর্ড গঠনের জন্য সময়মতো গ্রাম পঞ্চায়েতের সদস্যরা হাজির হন। এমনকি একমাত্র নির্দল জয়ী প্রার্থীও হাজির হয়েছিলেন। তিনি বিজেপিকে সমর্থন করছেন। যে কারণে বোর্ড গঠনের জন্য পর্যাপ্ত পঞ্চায়েত সদস্য তাদের রয়েছে। কিন্তু বিডিও অফিসের আধিকারিকরাই এলেন না। বিডিও অফিসের আধিকারিকদের তৃণমূল নেতারা ফিরিয়ে দিয়েছেন বলে অভিযোগ গেরুয়াশিবিরের।
অন্যদিকে তৃণমূল নেতাদের দাবি, তাঁদের একজন গ্ৰামপঞ্চায়েত সদস্যা রাত থেকেই নিখোঁজ রয়েছেন। তাই এদিন তাঁরা বোর্ড গঠনে হাজির হতে পারেননি। বিষয়টি নিয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। সেই কারণেই বিডিও অফিসের আধিকারিকদের তাঁরা ফিরিয়ে দিয়েছেন বলে স্বীকারও করেছেন ঘাসফুল শিবিরের নেতারা।
বোর্ড গঠন করতে না পেয়ে গ্ৰামপঞ্চায়েতের সামনে জড়ো হয়েছিলেন বিজেপির কর্মী সমর্থকরা। তাঁরা পঞ্চায়েত অফিসে বিজেপির পতাকা লাগিয়ে রাস্তায় গাছের গুঁড়ি ফেলে পথ আটকে বিক্ষোভ দেখাতে থাকেন। তাদের দাবি, যতক্ষণ না বোর্ড গঠন হবে, ততক্ষণ তাঁরা আন্দোলন চলিয়ে যাবেন। উত্তেজনার খবর পেয়েই বিশাল পুলিশ বাহিনী ও র্যাফ মোতায়েন করা হয়েছে এলাকায়।
আরও পড়ুন: তৃণমূলের প্রধান শপথ নেওয়ার পরেই আক্রান্ত স্বামী, বোর্ড গঠনের দিন রণক্ষেত্র বাসন্তী