
শেষ আপডেট: 29 October 2022 09:56
দ্য ওয়াল ব্যুরো, দক্ষিণ ২৪ পরগনা: গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে (fire) পুড়ে ছারখার হয়ে গেল তিনটি দোকান (shop)। ক্যানিং (Canning) স্টেশন সংলগ্ন বাজার এলাকায় শুক্রবার রাতে এই ঘটনাটি ঘটেছে। স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে বাজার এলাকার সমস্ত দোকানপাট বন্ধ হয়ে যাওয়ার পরে এই কাণ্ডটি ঘটে।
আগুন লেগেছে বুঝতে পেরে বাইরে বেরিয়ে আসে স্থানীয় বাসিন্দারা। তড়িঘড়ি ক্যানিং থানা ও দমকল কেন্দ্রে খবর দেওয়া হয়। খবর পেয়ে দমকলের একটি ইঞ্জিন গিয়ে আগুন নেভানোর কাজ শুরু করে। প্রায় পৌনে একঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে আগুন নিয়ন্ত্রণে আনলেও ততক্ষণে তিনটি দোকান প্রায় পুড়ে ছাই হয়ে গিয়েছে।
কীভাবে এমন ভয়াবহ আগুন লাগল, সে বিষয়ে তদন্ত শুরু করেছে ক্যানিং থানার পুলিশ ও দমকল। তবে প্রাথমিক অনুমান, শর্ট সার্কিট থেকে এমন অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গত ১২ অক্টোবর গভীর রাতে ক্যানিং ব্রিজ রোডে ভয়াবহ আগুন লাগার ঘটনায় ৯টি দোকান পুড়ে ভস্মীভূত হয়ে গিয়েছিল। সেই ক্ষত শুকানোর আগে আবারও ক্যানিং শহরে আগুনে পুড়ে ছাই হয়ে গেল তিনটি দোকান।
পিয়ালিতে স্ত্রীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে খুন, পলাতক অভিযুক্ত স্বামী