
শেষ আপডেট: 17 December 2022 14:21
দ্য ওয়াল ব্যুরো, পশ্চিম মেদিনীপুর: ২৩ ডিসেম্বর মুক্তি পাবে দেবের (Dev) নতুন সিনেমা 'প্রজাপতি'। তার আগেই বড় দুঃসংবাদ কেশপুরের মহিষদার অধিকারী পরিবারে। অভিনেতা-সাংসদ দেবের সেজো জেঠু তারাপদ অধিকারী (Uncle Death) শুক্রবার হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হন। তাঁর শেষকৃত্যে হাজির থাকতে শনিবার গ্রামের বাড়িতে গিয়ে হাজির হন অভিনেতা (Tollywood Actor)। জেঠুর শেষযাত্রা কাঁধ দেন দেব।
টলিউড স্টার দেব মা-বাবার সঙ্গে কলকাতায় থাকলেও তাঁর বাকি পরিজনরা মহিষদা গ্রামের বাড়িতে থাকেন। সেখানেই প্রয়াত হন তাঁর জেঠু। শুক্রবার রাতে তারাপদ অধিকারীর দেহ মেদিনীপুর মেডিক্যাল কলেজের মর্গে রাখা ছিল। শনিবার সকালেই বাবা গুরুপদ অধিকারীকে নিয়ে গ্রামের বাড়ির উদ্দেশ্যে রওনা হন দেব। দুপুরের মধ্যে পৌঁছে যান। প্রয়াত জেঠুর দেহে ফুল রেখে শ্রদ্ধা জানান। তারাপদবাবু ভাইপো দেব'কে 'রাজু' বলে ডাকতেন বলে জানা গিয়েছে।
এদিন দেব সাংবাদিকদের সামনে কোনও কথা বলতে চাননি। বলেন, "আজকের দিনে আমাকে ছেড়ে দাও।" শেষযাত্রার সময় জেঠুর শব বহনে কাঁধ লাগাতেও দেখা যায় দেবকে।
তবে এই শোকের মুহূর্তেও অভিনেতাকে দেখতে হুড়োহুড়ি পড়ে যায় মহিষদা গ্রামে।
ভাবী স্ত্রীর নামে বিশাল অঙ্কের লোন, ধর্ষণ করে খুনের চেষ্টা হবু বর-দেওরের