
শেষ আপডেট: 17 September 2023 12:13
দ্য ওয়াল ব্যুরো: রাজ্যের ডেঙ্গি ও ম্যালেরিয়া পরিস্থিতি খতিয়ে দেখতে রবিবার ছুটির দিনে জেলাশাসকদের নিয়ে জরুরি বৈঠকে বসলেন রাজ্য প্রশাসনের শীর্ষ কর্তারা (dengue-malaria, Nabanna emergency meeting with district magistrates on holidays)।
জেলাশাসকদের কাছ থেকে জেলাভিত্তিক রিপোর্ট সংগ্রহের পাশাপাশি ডেঙ্গি ও ম্যালেরিয়া মোকাবিলায় এদিন নবান্নের তরফে একাধিক নির্দেশও দেওয়া হয়েছে বলে সূত্রের খবর।
কেন? নবান্নের এক কর্তার কথায়, এখন ভরা বর্ষার মরসুম। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হুগলি, নদিয়া, হাওড়া, মালদহ ও মুর্শিদাবাদে ডেঙ্গি এবং ম্যালেরিয়ার আক্রান্তের সংখ্যা বেড়েছে। পুজোর মরশুমে নতুন করে যাতে পরিস্থিতি উদ্বেগজনক আকার না নেয় সেজন্যই জেলা প্রশাসনের কর্তাদের নিয়ে এই বৈঠক।
সূত্রের খবর, ডেঙ্গি এবং ম্যালেরিয়া রোধে পর্যাপ্ত কর্মী না থাকার প্রসঙ্গটি ওঠে এদিনের বৈঠকে। সেখানে স্বরাষ্ট্রসচিব বিপি গোপালিকা, স্বাস্থ্যসচিব নারায়ণস্বরূপ জেলাশাসকদের স্পষ্টভাবে জানিয়ে দেন, এবিষয়ে জেলার প্রতিটি গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতির সদস্যদের প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে জেলা প্রশাসনকে। একইভাবে পুরসভা এলাকায় ওয়ার্ড কমিটিগুলিকে প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে।
পুরসভা বা ব্লকস্তরে কোথাও যাতে জল জমা না হয়ে থাকে এবিষয়েও জেলা প্রশাসনের কর্তাদের সতর্ক করা হয় রাজ্য প্রশাসনের শীর্ষ মহল থেকে। এক্ষেত্রে নজরদারি চালানোর জন্য কর্মীদের পাশাপাশি ড্রোনের ব্যবহারে জোর দেওয়ারও নির্দেশ দেওয়া হয়েছে।
প্রশাসনের এমন উদ্যোগকে অভিনন্দন জানাচ্ছেন চিকিৎসকেরা। তাঁদের মতে, বৃষ্টিতে জমা জলে ডেঙ্গির প্রকোপ বাড়তে পারে। যে কারণে গতবছর ডেঙ্গি সংক্রমণ ভয়াবহ আকার নিয়েছিল রাজ্যে। তাই প্রশাসনের এই বাড়তি সতর্কতা বলেই মনে করছেন তাঁরা।
আরও পড়ুন: মুর্শিদাবাদে গঙ্গার ভাঙনে তলিয়ে গেল আস্ত দো'তলা বাড়ি, ‘প্রশাসন বালির বস্তা ফেলেই খালাস'