দ্য ওয়াল ব্যুরো : ব্যাঙ্ক অব বরোদা, বিজয়া ব্যাঙ্ক ও দেনা ব্যাঙ্ক। ১ এপ্রিল এই তিনটি ব্যাঙ্ক মিলে তৈরি হল ভারতের দ্বিতীয় বৃহত্তম রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক। ২০১৮ সালের সেপ্টেম্বরের শেষে তিনটি ব্যাঙ্কের বোর্ড এই সংযুক্তিকরণে সায় দেয়। খুব অল্প সময়ের মধ্যে সংযুক্তিকরণ সম্পন্ন হল। সেদিক থেকে একটা রেকর্ড সৃষ্টি হল বলা যায়।
গত ৩০ মার্চ রিজার্ভ ব্যাঙ্ক এক বিজ্ঞপ্তিতে জানায়, ১ এপ্রিল, ২০১৯ থেকে বিজয়া ব্যাঙ্ক ও দেনা ব্যাঙ্কের প্রতিটি শাখা ব্যাঙ্ক অব বরোদার শাখা হিসাবে কাজ করবে। বিজয় ব্যাঙ্ক ও দেনা ব্যাঙ্কের আমানতকারী সহ সব রকমের কাস্টমারকে ব্যাঙ্ক অব বরোদার কাস্টমার বলে ধরে নেওয়া হবে।
সংযুক্তিকরণের পরে ব্যাঙ্ক অব বরোদার শাখার সংখ্যা হবে ৯৫০০। এটিএমের সংখ্যা হবে ১৩ হাজার ৪০০-র বেশি। কর্মীর সংখ্যা হবে ৮৫ হাজারের বেশি। এক কোটি ২০ লক্ষের বেশি কাস্টমারকে ব্যাঙ্ক পরিষেবা দেবে।
তিন ব্যাঙ্কের সংযুক্তিকরণের পরে তা আরও বেশি গ্রাহকের কাছে পৌঁছে যেতে পারবে বলে মনে করা হচ্ছে। বর্তমানে ব্যাঙ্ক অব বরোদা পশ্চিম ও দক্ষিণ ভারতের রাজ্যগুলিতে নতুন শাখা খোলার পরিকল্পনা করেছে। যে রাজ্যগুলিতে নতুন ব্রাঞ্চ খোলা হবে, তার মধ্যে আছে মহারাষ্ট্র, গুজরাত, কেরল, তামিলনাড়ু, কর্ণাটক ও অন্ধ্রপ্রদেশ। গুজরাতে ব্যাঙ্কিং ব্যবসার ২২ শতাংশ শেয়ার থাকবে ব্যাঙ্ক অব বরোদার হাতে। মহারাষ্ট্র, কর্ণাটক, রাজস্থান ও উত্তরপ্রদেশে থাকবে ব্যাঙ্কিং ব্যবসার আট থেকে ১০ শতাংশ।
তিন ব্যাঙ্কের সংযুক্তিকরণের ফলে কাস্টমাররাও লাভবান হবেন। ১ কোটি ২০ লক্ষের বেশি কাস্টমার পাবেন উন্নততর পরিষেবা। কয়েকটি নতুন পরিষেবা, যথা ক্যাশ ম্যানেজমেন্ট সলিউশন, সাপ্লাই চেন ফিনান্সিং, ফিনান্সিয়াল প্ল্যানিং ও ওয়েলথ ম্যানেজমেন্ট সার্ভিস পাবেন তাঁরা। ব্যাঙ্ক অব বরোদায় অনাবাসী কাস্টমাররাও ভারতে আরও বিস্তৃত নেটওয়ার্কের সুযোগ নিতে পারবেন।
দেনা ব্যাঙ্কের কাস্টমাররা অবিলম্বে নানা ঋণ প্রকল্পের সুবিধা পাবেন। বিজয়া ব্যাঙ্ক ও দেনা ব্যাঙ্কের কাস্টমাররা ফরেন কারেন্সি ফান্ডিং-এর সুবিধা পাবেন। ব্যাঙ্ক অব বরোদার ১০১ টি আন্তর্জাতিক শাখা আছে। বিজয়া ব্যাঙ্ক ও দেনা ব্যাঙ্কের কাস্টমাররা তার সুবিধা নিতে পারবেন।
সংযুক্তিকরণের ফলে ব্যাঙ্কের কর্মীরাও লাভবান হবেন। বিজয়া ব্যাঙ্ক ও দেনা ব্যাঙ্কের কর্মীরা একটি বড় ব্যাঙ্কের স্টাফ হিসাবে আগের চেয়ে বেশি সুযোগ সুবিধা পাবেন। তাঁরা নিজেদের দক্ষতা বাড়াতে পারবেন। আন্তর্জাতিক স্তরেও নিজেদের কৃতিত্ব দেখাতে পারবেন।