
দেবাশিস প্রামাণিক
শেষ আপডেট: 4 July 2024 21:16
দ্য ওয়াল ব্যুরো, জলপাইগুড়ি: সাংবাদিকরা একে পর এক প্রশ্ন করে চলেছেন। কিন্তু উত্তর দিতে একটু বাক্য খরচ করলেন না। শুধু ঠোঁটে কোণায় হাসি লেগে রইল তাঁর। এই ভাবেই বৃহস্পতিবার কোর্ট চত্বরে দেখা গেল তৃণমূলের বহিষ্কৃত নেতা দেবাশিস প্রামাণিককে।
এদিন জলপাইগুড়ি আদালতে তাঁকে আনা হয়েছিল। তাঁর আইনজীবী জামিনের জন্য আবেদন করেছিলেন। তবে সেই আবেদন নামঞ্জুর করে দেন বিচারক। আপাতত তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য ৫ দিনের পুলিশি হেফাজতে থাকতে হচ্ছে। একই সঙ্গে তাঁর বিরুদ্ধে আরও একটি নতুন মামলায় গ্রেফতারের নির্দেশ দিয়েছে জেলা আদালত।
রাজগঞ্জের বাসিন্দা জুলাপি রায়ের জমি দখল ও তাঁকে শ্বাসরোধ করে খুনের চেষ্টার অভিযোগে গত ২৬ জুলাই রাতে দেবাশিস প্রামাণিককে আটক করে নিউ জলপাইগুড়ি থানার পুলিশ। পরে ২৭ জুলাই মুখ্যমন্ত্রীর নির্দেশে তাঁকে গ্রেফতার করা হয়। সেই মামলায় জিজ্ঞাসাবাদের জন্য তাকে হেফাজতে নেওয়ার আবেদন জানিয়েছিল পুলিশ। সঙ্গে ২৬ জুন ভোরের আলো থানা এলাকার ডালিম রায়ের জমি দখলে চেষ্টার মামলাতেও জিজ্ঞাসাবাদ করতে চায় পুলিশ। তাই এই ঘটনায় শোন অ্যারেস্টের আবেদন জানিয়েছিল।
জানাগিয়েছে, দেবাশিস প্রামাণিকের শুনানি এদিন জলপাইগুড়ি জেলা আদালতের ভার্চুয়াল কোর্টরুমে হয়েছে। দেবাশিসের আইনজীবী কলকাতা হাইকোর্টের। তাই তিনি কলকাতা থেকেই ভার্চুয়ালি সওয়াল-জবাবে অংশগ্রহণ করেছিলেন।
জলপাইগুড়ি আদালতের অ্যাসিস্ট্যান্ট পাবলিক প্রসিকিউটর মৃন্ময় বন্দ্যোপাধ্য়ায় বলেন, "অন লাইনে মামলার শুনানি হয়েছে। ধৃত দেবাশিস প্রামাণিকের জামিনের আবেদন খারিজ করা হয়েছে। জুলাপি রায়ের মামলায় পুনরায় তাঁকে ৫ দিনের পুলিশ হেফাজত রাখার নির্দেশ দিয়েছে বিচারক। একইসঙ্গে ভোরের আলো থানার এলাকায় নতুন একটি মামলায় পুলিশ শোন অ্যারেস্টের আবেদন করেছিল। সেই পুলিশের আবেদনও মঞ্জুর করেছে আদালত।"