
শেষ আপডেট: 24 August 2023 12:21
দ্য ওয়াল ব্যুরো: জিয়াগঞ্জের শিক্ষককে সপরিবারে খুনের ঘটনায় দোষী উৎপল বেহরাকে মৃত্যুদণ্ডের (death penalty) নির্দেশ দিল আদালত। বুধবার বহরমপুরে ফাস্ট ট্র্যাক কোর্টের বিচারক এই নির্দেশ দিয়েছেন।
২০১৯ সালের ৮ অক্টোবর দুর্গা পুজোর দশমীর দিন মুর্শিদাবাদের জিয়াগঞ্জে নিজের বাড়িতে সপরিবারে খুন হন শিক্ষক বন্ধুপ্রকাশ পাল। বন্ধুপ্রকাশের পাশাপাশি তাঁর স্ত্রী বিউটি পাল এবং তাঁদের ৬ বছরের ছেলেকেও উৎপল নৃশংসভাবে হত্যা করে বলে অভিযোগ। পুলিশের দাবি, নিহত শিক্ষকের স্ত্রী বিউটি অন্তঃসত্ত্বা ছিলেন। চাঞ্চল্যকর সেই খুনের ঘটনা গোটা রাজ্যকে নাড়িয়ে দিয়েছিল৷
ওই খুনের ঘটনার তদন্তে নেমে উৎপলকে গ্রেফতার করেছিল পুলিশ। গত চার বছর ধরে মামলা চলছিল বহরমপুর জেলা জজ আদালতে। ৪২ জনের সাক্ষ্য গ্রহণের ভিত্তিতে মঙ্গলবার খুনের ঘটনায় অভিযুক্ত উৎপল বেহেরাকে দোষী সাব্যস্ত করেন বহরমপুর জেলা আদালতের বিচারক সন্তোষ কুমার পাঠক। আজ সাজা ঘোষণা করা হয়।
এদিন মৃত্যুদণ্ডের নির্দেশ (death penalty) দেন বিচারক। যদিও এদিন আদালত চত্বরে দাঁড়িয়ে উৎপলের দাবি, “আমি নির্দোষ। আমাকে ফাঁসানো হল।“ রায়ের বিরুদ্ধে তিনি উচ্চ আদালতে যাবে বলেও জানান। এদিন মামলার রায় শুনতে আদালতে হাজির হয়েছিলেন জিয়াগঞ্জের বেশ কিছু বাসিন্দা।
আরও পড়ুন: কোট চত্বর থেকে গ্রেফতার! সিআইডির বিরুদ্ধে স্পেশ্যাল অর্ডার জারির হুঁশিয়ারি বিচারপতির