
শেষ আপডেট: 8 July 2023 10:55
দ্য ওয়াল ব্যুরো, মুর্শিদাবাদ: বেলা গড়ালেও মৃত্যুমিছিল অব্যাহত মুর্শিদাবাদে (Death march in Murshidabad)। ফের লালগোলায় (Lalgola) খুন হলেন এক সিপিএম সমর্থক (CPM supporter dead)। জানা গেছে লালগোলার একটি স্কুলের বুথে শাসকদলের কর্মীদের সঙ্গে সংঘর্ষ বাঁধে সিপিএমের। ভোট দিতে এসে সেই সংঘর্ষের মধ্যে পড়ে যান রওশন আলি নামে ওই সিপিএম সমর্থক। বেধড়ক মারধর করা হয় তাঁকে। হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই মৃত্যু হয় তাঁর।
একই সময়ে উত্তপ্ত নওদাতেও প্রাণ খোয়াতে হল এক কংগ্রেস কর্মীকে। এখানেও তৃণমূলের সঙ্গে ব্যাপক সংঘর্ষ বাঁধে কংগ্রেস কর্মীদের। গুলি চলে বলে অভিযোগ। গুলিতে জখম হন ওই কংগ্রেস কর্মী। হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়। নিহত কংগ্রেস কর্মীর নাম লিয়াকত শেখ।
স্থানীয় সূত্রে জানা গেছে, নওদার (Naoda) মধুপুর গ্রাম পঞ্চায়েতের গঙ্গাধারী এলাকায় বাড়ি ওই কংগ্রেস কর্মীর। শনিবার সকালে গ্রামের অন্যদের সঙ্গে ভোটের লাইনে দাঁড়িয়েছিলেন তিনি। অভিযোগ, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা এই সময় ব্যাপক বোমাবাজি করে। বোমার আঘাতে জখম হন লিয়াকত। প্রথমে তাঁকে আমতলা গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তাঁর শারীরিক পরিস্থিতির অবনতি হওয়ায় মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয় তাঁকে। সেখানেই মৃত্যু হয় লিয়াকতের।
ভোটের দিন সকাল থেকেই পরের পর মৃত্যুর খবর আসতে শুরু করে মুর্শিদাবাদের বিভিন্ন প্রান্ত থেকে। এ পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী ভোটের দিনই পাঁচজনের মৃত্যু হল এই জেলায়।
পঞ্চায়েত ভোটের সকালে চার ঘণ্টায় খুন ৭, তৃণমূলেরই ৫ জন, রাজ্যজুড়ে হিংসা-অশান্তির ছবি