
ছাত্র বিক্ষোভ
শেষ আপডেট: 5 September 2024 13:39
দ্য ওয়াল ব্যুরো, শিলিগুড়ি: তুমুল ছাত্র বিক্ষোভের জেরে পদত্যাগ করলেন উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালের ডিন এবং সহকারী-ডিন। টিএমসিপির বিরুদ্ধে অনবরত হুমকি দেওয়া ও তোলাবাজির অভিযোগ তুলে চিকিৎসক-পড়ুয়াদের বিক্ষোভে বুধবার উত্তাল হয়ে ওঠে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ। একইসঙ্গে আরজি কর কাণ্ডে শিরোনামে আসা চিকিৎসক অভীক দে’র কলেজে ঢোকা নিষিদ্ধ করার দাবিও তোলে ছাত্ররা।
ওইদিন দুপুরে ডাক্তারি ছাত্ররা কলেজের অধ্যক্ষ এবং রোগীকল্যাণ সমিতির চেয়ারম্যান গৌতম দেবের অফিসে ঢুকে বিক্ষোভ দেখাতে শুরু করেন। উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজের টিএমসিপি ইউনিট ভেঙে দেওয়ারও দাবি তোলেন তাঁরা। তাঁরা অভিযোগ করেন, টিএমসিপির সদস্য শাহিন সরকার এবং সোহম মণ্ডল নামে দুই হাউসস্টাফ রীতিমতো দাদাগিরি চালাচ্ছেন কলেজে। তাঁদের বহিষ্কার না করা হলে আন্দোলন আরও জোরদার করার বার্তা দেন ডাক্তারি ছাত্ররা। এই পরিস্থিতিতেই পদত্যাগ করলেন উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজের ডিন সন্দীপ সেনগুপ্ত এবং সহকারী ডিন সুদীপ্ত শীল।
আরজি কর কাণ্ডের পর থেকে গোটা রাজ্যের সব মেডিক্যাল কলেজেই তৃণমূলের 'থ্রেট কালচার' এর বিরুদ্ধে আন্দোলন শুরু হয়। আন্দোলনের ঢেউ পৌঁছে যায় উত্তরবঙ্গ মেডিক্যালেও। ডাক্তারির ছাত্রদের দাবি, হাসপাতালের নিয়ন্ত্রণ পুরোপুরি নিজেদের হাতে নিয়ে নেয় শাসকদল। কারও তোয়াক্কা না করে তাঁরাই দাদাগিরি চালাচ্ছিল। তাদের কথা শুনলে বাড়তি নম্বর দেওয়া হত পড়ুয়াদের। কথা না শুনলে প্রতি পদে সমস্যা সৃষ্টি করা হচ্ছিল।
ছাত্ররাই জানালেন, তিতিবিরক্ত হলেও ভয়ে মুখ খুলতে পারছিলেন না কেউ। সেই ভয়টাই এখন ভেঙে গেছে। প্রবল ছাত্র আন্দোলনের জেরেই এবার পদ ছাড়তে বাধ্য হলেন ডিন ও সহকারী ডিন।