
শেষ আপডেট: 1 December 2022 06:48
দ্য ওয়াল ব্যুরো, পশ্চিম বর্ধমান: কলকাতার আমরি হাসপাতালের অগ্নিকাণ্ডের (AMRI Hospital Fire) স্মৃতি এখনও মন থেকে মুছে যায়নি। প্রায় ৮৯ জন রোগী বেরতে না পেরে দমবন্ধ হয় মারা যান। তবু তা থেকে শিক্ষা নেয়নি দুর্গাপুর মহাকুমা হাসপাতাল (Durgapur Sub-Divitional Hospital)। সেখানে হঠাৎ কোনওভাবে আগুন লাগলে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখা ছাড়া আর কিছুই করার নেই। কারণ বেশিরভাগ অগ্নিনির্বাপক যন্ত্রেরই (Fire Extinguisher) মেয়াদ ফুরিয়ে গিয়েছে। দু'বছর হয়ে গেল গ্যাস ভরা হয়নি সেই ফায়ার এক্সটিংগুইশার-গুলোয়।
দুর্গাপুর মহকুমা হাসপাতাল ঢুকতে গেলেই এমার্জেন্সি ওয়ার্ডের পাশেই রয়েছে একটি বেসরকারি ক্যান্টিন। ওইরকম জায়গায় ক্যান্টিন থাকা নিয়ে আগেই বিতর্ক তৈরি হয়েছিল। সেখান থেকে আগুন লাগতে পারে এই আশঙ্কা দেখা দেয়। বর্তমানে সেই ক্যান্টিন স্থানান্তরের কাজ চলছে। কিন্তু হাসপাতালের অগ্নিনির্বাপক পরিকাঠামো বেহাল বলে অভিযোগ উঠেছে। গোটা হাসপাতালের নানান জায়গায় আগুন লাগলে মোকাবিলার জন্য ফায়ার এক্সটিংগুইশার ঝোলানো আছে। তাতে হলুদ আর সাদা রঙের কাগজের পট্টির উপর লেখা এক্সপেয়ারি ডেট থেকে পরিষ্কার আগুন প্রতিরোধের বেহাল কাহিনী।
এমার্জেন্সি, আল্ট্রাসাউন্ড, ইন্ডোর সার্জিক্যাল ও মেডিকেল, ওপিডি, প্রসূতি, গাইনো প্রায় সব বিভাগেই মেয়াদ উত্তীর্ণ অগ্নিনির্বাপক যন্ত্র রাখা আছে। এগুলোর মধ্যে ৮০ শতাংশেরই মেয়াদ উত্তীর্ণ হয়েছে চলতি বছরের ২৬ মে। ৫ শতাংশের মেয়াদ শেষ হয়েছে ২০২১ সালে। শেষ গ্যাস ভরা হয়েছে ২০২০ সালে, এমনও অগ্নিনির্বাপক যন্ত্র ঝুলতে দেখা গিয়েছে দুর্গাপুর মহাকুমা হাসপাতালের এমার্জেন্সি বিভাগের বাইরের দেওয়ালে। হাতে গোনা কয়েকটি মাত্র ফায়ার এক্সটিংগুইশারের মেয়াদ শেষ হচ্ছে আগামী ২০২৩ সালে। এর পাশাপাশি বালি ভর্তি বালতিগুলোও ফাঁকা পড়ে আছে। তাতে জামাকাপড়, ন্যাকড়া ইত্যাদি গুঁজে রাখা আছে।
সব মিলিয়ে এই সরকারি হাসপাতালের অগ্নিনির্বাপক পরিকাঠামোর হাল খুবই খারাপ। বিপদ ঘটলে প্রায় কিছুই করার থাকবে না বলে রোগীর পরিজনদের অভিযোগ। বিষয়টি নিয়ে রাজ্য স্বাস্থ্য দফতরের তীব্র সমালোচনা করেছে সিপিএম (CPIM)। তাদের বক্তব্য, "কাটমানি ছাড়া কোনও কাজ হয় না। তাই সময়ে অগ্নিনির্বাপক যন্ত্র রিফিলিং করার দিকে কারোর নজর নেই। যতক্ষণ না নতুন যন্ত্র কেনার টেন্ডার হবে ততক্ষণ কিছুই হবে না।" বিষয়টি নিয়ে সরব হয়েছে বিজেপিও (BJP)। তারা সরাসরি স্বাস্থ্য বিভাগের দিকে আঙুল তুলেছে।
এদিকে বিরোধীদের বিরুদ্ধে যেকোনও বিষয়ে রাজনীতি করার অভিযোগ তুলেছে তৃণমূল কংগ্রেস (TMC)। তাদের দাবি, অগ্নিনির্বাপক যন্ত্র রিফলিং দ্রুত করে ফেলা হবে। চিন্তার কিছু নেই।
বাড়ির সামনে থেকে উধাও ৯ বছরের কিশোরী, একদিন পর উদ্ধার মাথা থেঁতলানো দেহ