
শেষ আপডেট: 6 June 2023 06:34
দ্য ওয়াল ব্যুরো: দার্জিলিং মানেই টয় ট্রেন (Darjeeling toy train)। কুইন অফ হিলসের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে এই জয় রাইডের নাম। দু-কামরার ছোট্ট ট্রেনে সওয়ার হয়ে ঘুম কিংবা বাতাসিয়া লুপের প্রাকৃতিক সৌন্দর্য চাক্ষুষ করার জন্য মুখিয়ে থাকে আট থেকে আশির পর্যটকরা। আর সেই সূত্রে এবার আয়ের নিরিখে রেকর্ড করল দার্জিলিং-হিমালয়ান রেলওয়ে।
জানা গেছে, চালু হওয়ার পর থেকে এখনও পর্যন্ত এক মাসে সর্বোচ্চ আয় রয়েছে দার্জিলিং-হিমালয়ান রেলওয়ে, তাও আবার টয় ট্রেনের সূত্রেই। হিমালয়ান রেলওয়ের ডিরেক্টর জানিয়েছেন, চলতি বছর মে মাসে ৩০,৩০৩ জন যাত্রী উঠেছিলেন টয় ট্রেনে, আর তা বাবদ রেলের আয় হয়েছে ৩.৫৭ কোটি টাকা, যা এই রেলপথ চালু হওয়ার পর থেকে সর্বোচ্চ।
দ্বিতীয় সর্বোচ্চ পরিমাণ টিকিট বিক্রির রেকর্ডও রয়েছে মে-মাসেরই, তবে তা গত বছরের। ২০২২ সালের মে মাসে ২৬,৯০৯ জন যাত্রী টিকিট কেটে টয় ট্রেনে চেপেছিলেন। তা বাবদ রেল আয় করেছিল ৩.১৯ কোটি টাকা। তবে চলতি বছরের গরম এবং সেই কারণে শৈলশহরে পর্যটকদের সংখ্যা, দুই-ই রেকর্ড করেছে। পাশাপাশি নজির গড়েছে টয় ট্রেনের যাত্রী সংখ্যাও।
২০২২ সাল থেকেই রাতেও টয় ট্রেনের যাত্রা শুরু হয়েছিল। ১২ নভেম্বর থেকে ৪ ডিসেম্বর পর্যন্ত ঘুম উৎসব উপলক্ষে দার্জিলিং থেকে ঘুম স্টেশন পর্যন্ত চালানো হয়েছিল টয় ট্রেন। ভাড়াও ছিল আয়ত্তের মধ্যে। নয়া এই আকর্ষণ, আর সমতলের প্রবল গরম-দুই মিলিয়েই পাহাড়প্রেমীরা ছুটছেন দার্জিলিংয়ে। আর তাতেই লক্ষ্মীলাভ হচ্ছে রেলের।
তবে শুধু রেলই নয়, বেঙ্গল সাফারি পার্কেও নাকি টিকিটের চাহিদা তুঙ্গে। চলতি অর্থবর্ষে ৫.৬৫ কোটি টাকা আয় করেছে পার্ক কর্তৃপক্ষ। গত বছর এই সংখ্যা ছিল প্রায় ১.৭৬ কোটি টাকা। ফলে এ বছরে যে সেখানেও পর্যটকদের ভিড় রেকর্ড গড়েছে, তা স্পষ্ট। পার্কের এক আধিকারিক জানিয়েছেন, 'গত বছরের এপ্রিল থেকে এই বছরের মার্চ পর্যন্ত পার্কটিতে ২.৮৭ লক্ষ মানুষ এসেছেন। এখন প্রচণ্ড গরম থাকা সত্ত্বেও বহু মানুষ পার্কে আসছেন। সপ্তাহান্তে ভিড়ও হচ্ছে খুব।'
মর্গের পথে লাশের স্তূপ, সেখানেই মিলল প্রাণের সাড়া! পিজি-তে ভর্তি করা হল 'মৃত' বিশ্বজিৎকে