
শেষ আপডেট: 28 November 2023 00:23
দ্য ওয়াল ব্যুরো: গরমের ছুটি হোক বা পুজোর ছুটি, সপরিবারে হোক বা বন্ধুদের সঙ্গে ঘুরতে যাওয়ার কথা উঠলেই উঠে আসত দীঘা, পুরী বা দার্জিলিংয়ের নাম। বাঙালিরা ঠাট্টা করে বলে এই জায়গাকে একসঙ্গে বলে, 'দীপুদা'! ভ্যাপসা গরমের থেকে মুক্তি পেতে বাঙালির আদি ও অন্যতম ঠিকানা সেই দার্জিলিং। সময়ের সঙ্গে সঙ্গে পরিবেশ পাল্টাছে, কিন্তু বাঙালির কাছে এখনও পাহাড় প্রেমের অন্য নাম দার্জিলিং! পর্যটকদের ভিড়ে সব সময়ই গমগম করে বাংলার এই পাহাড়ি এলাকা। ভ্রমণপিপাসু মানুষের জন্য দুঃসংবাদ। দার্জিলিংয়ে ঘুরতে গেলে এবার থেকে পর্যটকদের গুনতে হবে কর। অর্থাৎ বাড়বে খরচও!
সোমবার দার্জিলিং পুরসভা পর্যটকদের জন্য এই নতুন করের সিদ্ধান্ত নেয়। ইতিমধ্যেই এই সিদ্ধান্তের কথা হোটেল মালিক ও পর্যটন ব্যবসায়ীদের জানিয়ে দেওয়া হয়েছে বলে খবর। এমনকী হোটেলগুলিতে করের কুপনও পাঠিয়ে দেওয়া হয়েছে। জানা গেছে, এবার থেকে পাঁচ বছরের ঊর্ধ্বে পর্যটকদের থেকে মাথাপিছু ২০ টাকা করে।
দার্জিলিং পুরসভার তরফে জানানো হয়েছে, শহর পরিষ্কার রাখতে, জঞ্জাল সাফাইয়ের জন্য পর্যটকদের থেকে কর বাবদ এই টাকা নেওয়া হচ্ছে। প্রচুর পর্যটক আসায় দার্জিলিং নোংরা হচ্ছে। যত্রতত্র আবর্জনা ফেলা হচ্ছে। সেই আবর্জনা পরিষ্কার করতে গিয়ে পুরসভার প্রচুর টাকা খরচ হচ্ছে। সেই খরচের বোঝা কমাতেই এই কর নেওয়ার সিদ্ধান্ত হয়েছে।
দার্জিলিং পুরসভার চেয়ারম্যান দীপেন্দ্র ঠাকুরি জানিয়েছন, এই কর নেওয়ার ব্যাপার নতুন নয়। আগেও এই কর ছিল। তবে মাঝে কয়েকটা বছর এই কর নেওয়া বন্ধ ছিল। তবে পরিস্থিতির ওপর বিচার করে ফের এই কর ব্যবস্থা চালু করা হচ্ছে। তবে পুরসভা এই সিদ্ধান্তে খুশি নন হোটেল মালিকেরা। হিমালয়ান হসপিটালিটি অ্যান্ড ট্যুরিজ়ম ডেভলপমেন্ট নেটওয়ার্কের সম্পাদক সম্রাট স্যানাল জানান, পুরসভা তাঁদের সঙ্গে কোনও আলোচনা না করেই এই সিদ্ধান্ত নিয়েছে।