দ্য ওয়াল ব্যুরো : পুরানো শক্তিগড়ে জি টি রোডের শেষপ্রান্তে বাড়ি মমতাজ বেগমের। তাঁর স্বামী বাসচালক। বছর ছ'য়েক আগে তাঁরা সেখানে বাড়ি করেছেন। ঈদের আগের দিন দুঃসাহসিক ডাকাতি হল সেই বাড়িতে।
শুক্রবার সন্ধ্যায় মমতাজ বেগম নমাজ পড়ার প্রস্তুতি নিচ্ছিলেন। এমন সময় দুই যুবক তাঁর ছেলের বন্ধু বলে পরিচয় দিয়ে বাড়িতে ঢুকতে চায়। তিনি দরজা খুলতে চাননি। তাদের পরে আসতে বলেন। তারা তখন জল খেতে চায়। তিনি দরজা খুলে জল দিতে গেলে তারা বাড়ির ভেতরে ঢুকে পড়ে। প্রথমেই তারা মমতাজ বেগমকে বেঁধে ফেলে। তাঁর মুখও বেঁধে দেয়। চোখে বিষাক্ত গ্যাস স্প্রে করে। গলায় ছুরি ধরে। তাদের হাতে রিভলভারও ছিল। তারা দীর্ঘক্ষণ ঘরের একটি আলমারি হাতড়ায়।
মমতাজ বেগম তাদের হুমকির মুখেও টাকা বা গয়না কোথায় আছে বলেননি। ডাকাতরা আলমারি থেকে কিছু পরিমাণ টাকা নিয়ে পালায়। ঘরে একটি বড় আলমারি ছিল। সেই আলমারি তারা ভাঙতে পারেনি। পরে মমতাজ বেগমের স্বামী ফিরে দেখেন ঘরের দরজা খোলা। তাঁর স্ত্রীকে বেঁধে রাখা হয়েছে। পরে শক্তিগড় থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। মমতাজ বেগম এখনও অসুস্থ বোধ করছেন। সন্ধ্যায় এই ধরনের ডাকাতির কথা শুনে আতঙ্কিত হয়ে পড়েছেন গ্রামের মানুষ।