
শেষ আপডেট: 25 February 2023 02:30
দ্য ওয়াল ব্যুরো: মহার্ঘভাতা (DA) নিয়ে যখন সরকারি কর্মচারীদের একটা বড় অংশ আন্দোলন চালিয়ে যাচ্ছেন তখন তৃণমূল বিধায়ক তথা অভিনেতা চিরঞ্জিত চক্রবর্তী (Chiranjit Chakraborty) ব্যাখ্যা করলেন কেন বকেয়া ডিএ দেওয়া যাচ্ছে না। শুক্রবার মধ্যমগ্রামে দিদির সুরক্ষা কবচ কর্মসূচিতে যোগ দিয়েছিলেন চিরঞ্জিত। সেখানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘লক্ষ্মীর ভাণ্ডার (Lakshmir Bhandar) প্রকল্পে সরকারের বিপুল অঙ্কের টাকা চলে যাচ্ছে। তাই সরকারি কর্মচারীদের কেন্দ্রীয় হারে ডিএ দেওয়া যাচ্ছে না।’
চিরঞ্জিত আরও বলেন, ‘আমাদের এখন প্রত্যেকের বাড়ি যেতে হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার-সহ রাজ্য সরকারের উন্নয়নমূলক প্রকল্পগুলি পৌঁছে দেওয়ার জন্য। তার জন্য বিপুল অঙ্কের টাকা লাগছে। ওরা (কেন্দ্রীয় সরকার) যেগুলো দেয় না, আমরা সেগুলো মানুষের কাছে পৌঁছে দিই। সেই কারণে বাজেটের একটা অংশের টাকা ওদিকে (সামাজিক প্রকল্প) চলে যাচ্ছে। তাই আমরা ডিএ-র পুরোটা দিতে পারছি না।'
ইতিমধ্যেই রাজ্য সরকার অতিরিক্ত ৩ শতাংশ ডিএ ঘোষণা করেছে। শুক্রবার রাজ্যের অর্থ দফতর সে ব্যাপারে বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছে ১ মার্চ থেকে কার্যকর হবে।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই বোঝানোর চেষ্টা করেছেন, তাঁর সাধ থাকলেও সবটা করার সাধ্য নেই। জেলা সফরে গিয়ে স্পষ্ট করেই মমতা বলেছেন, ‘আমি তো ম্যাজিশিয়ান নই।’ একদিকে বাম জমানার ঋণ রয়েছে সরকারের মাথার উপর। সেইসঙ্গে সামাজিক প্রকল্পে খরচের বহর বেড়েছে। নবান্নের বক্তব্য, এসবের সঙ্গেই জুড়ে রয়েছে কেন্দ্রের আর্থিক বঞ্চনা।
যদিও সরকারি কর্মচারীদের কয়েক ডজন সংগঠনের বক্তব্য, তারা হিসেব দিয়ে বুঝিয়ে দিতে পারেন সরকারের টাকা আছে তাও ডিএ দেওয়া হচ্ছে না। আগামী ১৫ মার্চ ডিএ মামলার শুনানি রয়েছে সুপ্রিম কোর্টে।
পানিহাটির মতো খুন প্রয়াগরাজে! বিধায়ক হত্যার প্রধান সাক্ষীকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি