
শেষ আপডেট: 4 January 2023 07:11
দ্য ওয়াল ব্যুরো, উত্তর ২৪ পরগনা: গ্যাস সিলিন্ডার ফেটে (cylinder blast) ভয়াবহ বিস্ফোরণ বসিরহাটের (Basirhat) হাসনাবাদ থানা এলাকার একটি বাড়িতে। আগুনে পুড়ে সেখানেই মৃত্যু (died) হয়েছে এক প্রৌঢ়ের। জানা গেছে, মৃত ব্যক্তির নাম সুদীপ ঘরামি (৫০)। এছাড়াও, গুরুতর জখম হয়েছেন আরও দুজন।
সূত্রের খবর, হাসনাবাদ থানার ভবানীপুর ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের মুক্তার চকের ওই বাড়িটিতে মঙ্গলবার গভীর রাতে হঠাৎই গ্যাস সিলিন্ডার ফেটে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় একজনের। বাকি দুজনকে গুরুতর জখম অবস্থায় উদ্ধার করেন স্থানীয় বাসিন্দারা। আশঙ্কাজনক অবস্থায় তাঁদের প্রথমে টাকি গ্রামীণ হাসপাতাল এবং পরে বসিরহাট জেলা হাসপাতালে ভর্তি করা হয়।
এদিকে আগুন লেগে ওই বাড়িটির বেশিরভাগ অংশই পুড়ে ছাই হয়ে গেছে। রাতে যখন গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়, তখনই সবাই ঘুমাচ্ছিলেন। ফলে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। পরে টের পেয়ে ভিতর থেকে চিৎকার শুরু করেন ওই বাড়ির বাসিন্দারা। সঙ্গে সঙ্গে ছুটে আসেন পাড়া-পড়শিরা। তাঁরাই বাকি দুজনকে উদ্ধার করেন।
জলপাইগুড়িতে তৃণমূল পঞ্চায়েত সদস্যের ঝুলন্ত দেহ উদ্ধার, তদন্ত চাইল দল