
শেষ আপডেট: 6 May 2023 06:13
দ্য ওয়াল ব্যুরো: মে মাসের শুরুতেও দাবদাহের দেখা নেই, গরম সেভাবে নেই বললেই চলে। সেই এপ্রিলের শেষ থেকেই ধারাবাহিকভাবেই কম-বেশি ঝড় বৃষ্টি হয়েই চলেছে রাজ্য জুড়ে। ফলে সর্বোচ্চ তাপমাত্রা ঘোরাফেরা করছে ৩৫ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। কিন্তু এর মধ্যেই ঘূর্ণিঝড় মোখা (Cyclone Mocha) নিয়ে সতর্কতা জারি করা হয়েছে। হাওয়া অফিস জানিয়েছে, এই আবহে আগামী কয়েকদিনে দক্ষিণবঙ্গে হুহু করে বাড়বে তাপমাত্রা। ৪ ডিগ্রি পর্যন্ত পারদ বৃদ্ধির পূর্বাভাস রয়েছে (weather report)।
মোখা নিয়ে এখনও পর্যন্ত পশ্চিমবঙ্গ সহ দেশের পূর্ব উপকূলের ৪টি রাজ্যকে সতর্ক করেছে হাওয়া অফিস। সূত্রের খবর, বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে ইতিমধ্যেই, যা ক্রমশ শক্তি বাড়াচ্ছে। আগামী ৯ মে এটি সাইক্লোনে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। যদিও বাংলায় মোখার প্রভাব পড়বে কিনা, পড়লে কোথায় পর্বে, সে বিষয়ে কিছুই বিশদে জানানো হয়নি। কিন্তু আম্ফান এবং ইয়াসের ভয়াবহ স্মৃতি থেকে শিক্ষা নিয়ে আগেভাগেই প্রস্তুতি নিচ্ছে প্রশাসন।
সূত্রের খবর, মোখার মোকাবিলায় শনিবারই লালবাজারে বিশেষ কন্ট্রোল রুম খোলা হবে। লালবাজারের তরফে শহরের সব থানা এবং ট্র্যাফিক গার্ডকে সতর্ক থাকতে বলা হয়েছে। জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী সহ কলকাতা পুলিশের নিজস্ব বিপর্যয় মোকাবিলা বাহিনীকেও প্রস্তুত রাখা হচ্ছে। কলকাতা পুরসভার তরফেও বিপর্যয় মোকাবিলায় সবরকম প্রস্তুতি রাখা হচ্ছে। ঝড় হলে যদি গাছ ভেঙে পড়ে, তা দ্রুত সরিয়ে ফেলার ব্যবস্থা রাখা হচ্ছে। ঝড় বৃষ্টিতে বিদ্যুতের তার থেকে যেন কোনও বিপদ না ঘটে তা নিশ্চিত করতে এবং বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা চালু রাখতে সিইএসসির সঙ্গেও যোগাযোগ করা হয়েছে।
মৌসম ভবন সূত্রের খবর, শনিবার বঙ্গপোসাগরে ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার কারণে আজ সারাদিন আকাশ মোটামুটি মেঘলা থাকবে। দুই ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং নদিয়া জেলাতে আজ বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টিপাত হতে পারে। তবে দক্ষিণবঙ্গের অন্য জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা নেই। বরং আগামী ৭২ ঘণ্টায় ক্রমশ চড়বে পারদ। আর্দ্রতাজনিত অস্বস্তিও বাড়বে। বুধবারের মধ্যে তিন থেকে পাঁচ ডিগ্রি তাপমাত্রা বাড়তে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান এবং বীরভূমের তাপমাত্রা ৪০ ডিগ্রি ছাড়িয়ে যেতে পারে পারে বলে অনুমান করা হচ্ছে।
গতকাল অর্থাৎ শুক্রবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪.৫ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম। শনিবার ভোরে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৭.১ ডিগ্রি সেলসিয়াস। এটি স্বাভাবিক।
দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই বৃষ্টির সম্ভাবনা না থাকলেও শনিবার উত্তরবঙ্গের ৫ জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। সঙ্গে ৩০-৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। বৃষ্টির সম্ভাবনা অনেকটাই কমবে মালদা ও উত্তর দক্ষিণ দিনাজপুরে। আগামী কয়েক দিন তাপমাত্রা বাড়তে পারে এই তিন জেলাতে।
গরু পাচারে বিএসএফ কীভাবে জড়িত, অনুব্রতর চার্জশিটে উল্লেখ ইডির