
শেষ আপডেট: 13 May 2023 05:21
দ্য ওয়াল ব্যুরো: ঘূর্ণিঝড় মোখা (Cyclone Mocha) ক্রমশ শক্তি বাড়িয়ে এগিয়ে আসছে। তবে বাংলায় এই ঘূর্ণিঝড়ের সরাসরি কোনও প্রভাব না পড়লে ২৪ ঘণ্টায় উপকূলবর্তী এলাকায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির (Rain) সম্ভাবনা রয়েছে। হাওয়া অফিস সূত্রে খবর, আগামী ৬ ঘণ্টার মধ্যে প্রভাব পড়বে বাংলায় (West Bengal)। বইবে হাল্কা হাওয়া। আর তার জেরে আগামী ৪৮ ঘণ্টা তাপমাত্রার পারদ কিছুটা কম থাকবে (Weather Update)।
আবহাওয়া দফতর সূত্রে খবর, মোখা (Mocha) শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। মায়ানমারের সিত্তে বন্দর থেকে মোখার দূরত্ব আর মাত্র ৬৯০ কিলোমিটার। আর বাংলাদেশের কক্সবাজার থেকে দূরত্ব ৭৬০ কিলোমিটার। রবিবার দুপুরে মধ্যেই সিত্তে এলাকায় আছড়ে পড়তে পারে এই ঘূর্ণিঝড়।
পশ্চিমবঙ্গে এই মোখার প্রভাব সরাসরি না পড়লেও দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেইসঙ্গে বইতে পারে ৩০-৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া। শনি ও রবিবার কলকাতা, হাওড়া, দুই ২৪ পরগনা, নদিয়ায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। প্রশাসনের তরফ থেকে রবিবার পর্যন্ত মৎসজীবীদের সমুদ্রে যেতে বারণ করা হয়েছে।
সোমবার বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা দুই ২৪ পরগনা নদিয়া এবং মুর্শিদাবাদে। তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম বর্ধমান ও বীরভূম জেলায়। মঙ্গলবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকছে উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা নদিয়া এবং মুর্শিদাবাদ জেলাতে।
শনিবার কলকাতার আকাশ সকাল থেকেই মেঘলা। কলকাতায় সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৮.৮ ডিগ্রি সেলসিয়াস। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫.৬ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৪৬ থেকে ৮৬ শতাংশ। ফলে গরম ও আর্দ্রতাজনিত অস্বস্তি থাকলেও সূর্যের তেজ থাকবে না বলেই জানাচ্ছে হাওয়া অফিস।
দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের সব জেলাতেই সোমবার থেকে বৃষ্টির সম্ভাবনা। দার্জিলিং কালিম্পং এ জেলাতে হালকা বৃষ্টি। বৃষ্টির পরিমাণ বাড়বে সোমবার থেকে। মালদা ও দুই দিনাজপুরেও বৃষ্টি হবে।
মোখার প্রভাব মূলত পড়বে মায়ানমারে। তবে বাংলাদেশের কক্সবাজার সহ একাধিক এলাকায় ক্ষয়ক্ষতির সম্ভাবনা রয়েছে।
এই মেয়ে হারবে না, অ্যাসিড হামলায় দৃষ্টি গিয়েছিল, সিবিএসই-র দশমে পেল ৯৫ শতাংশ