
শেষ আপডেট: 7 May 2023 07:15
দ্য ওয়াল ব্যুরো: সময় এগিয়ে আসছে। দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। আজ থেকে সেই ঘূর্ণাবর্ত নিম্নচাপের চেহারা নেবে। আর দিন দুয়েকের মধ্যেই বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় মোখা (Cyclone Mocha) তৈরি হবে। এই ঘূর্ণিঝড়ের গতি কত, অভিমুখই বা কোনদিকে হবে তা এখনও নিশ্চিত করে বলেনি মৌসম ভবন। বাংলায় ঘূর্ণিঝড় আছড়ে পড়বে কিনা সে নিয়েও নিশ্চিত তথ্য দেয়নি আলিপুর আবহাওয়া দফতর। বলা হয়েছে, মধ্য বঙ্গোপসাগর থেকে সাইক্লোন (Cyclone Mocha) উত্তরমুখী হয়ে এগোবে। সাইক্লোনের গতিবিধি যদি জানার ইচ্ছা থাকে, তাহলে তা স্মার্টফোনেই জানা যাবে। জেনে নিন ঘূর্ণিঝড় ট্র্যাক করার সহজ উপায়।
সাইক্লোন মোখাই এখন চর্চার বিষয়। সকাল হোক বা চায়ের ঠেকের সান্ধ্য আড্ডা, আলোচনার বিষয়ই হয়ে উঠেছে ঘূর্ণিঝড়। আমফান, ইয়াস, ফণীর ধাক্কা খাওয়ার পর বঙ্গবাসী এখন ঘূর্ণিঝড় ও তার প্রভাব নিয়েই বেশি চিন্তিত। প্রতিবারের ঘূর্ণিঝড় তাণ্ডব করে দিয়ে যায়। মৌসম ভবন বলছে উত্তর ও উত্তর-পূর্ব দিয়ে এগোতে পারে সইক্লোন। বাংলাদেশ ও মায়ানমারের দিকে যাওয়ার সম্ভাবনাও প্রবল।
নিজের স্মার্টফোন থেকে সহজেই ঘূর্ণিঝড়ের অবস্থান দেখবেন কী ভাবে, জেনে নিন--
Rainviewer.com নামে একটা ওয়েবসাইট আছে। এই ওয়েবসাইটে গেলে সাইক্লোনের রিয়েল টাইম ডেটা পাওয়া যাবে। দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে কেমন পরিবেশ তৈরি হয়েছে, নিম্নচাপের অবস্থান কোথায়, কীভাবে ধীরে ধীরে তৈরি হচ্ছে ঘূর্ণিঝড় তার সবটাই ট্র্যাক করা যাবে এই ওয়েবসাইট থেকে।

এই ওয়েবসাইটে ব্যারোমেট্রিক প্রেসার চার্ট আছে। সেখান থেকে আবহাওয়ার পরিস্থিতিও বোঝা যাবে।
মোখা নিয়ে এখনও পর্যন্ত পশ্চিমবঙ্গ সহ দেশের পূর্ব উপকূলের ৪টি রাজ্যকে সতর্ক করেছে হাওয়া অফিস। সূত্রের খবর, বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে ইতিমধ্যেই, যা ক্রমশ শক্তি বাড়াচ্ছে। আগামী ৯ মে এটি সাইক্লোনে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। যদিও বাংলায় মোখার প্রভাব পড়বে কিনা, পড়লে কোথায় পড়বে, সে বিষয়ে কিছুই বিশদে জানানো হয়নি। কিন্তু আমফান এবং ইয়াসের ভয়াবহ স্মৃতি থেকে শিক্ষা নিয়ে আগেভাগেই প্রস্তুতি নিচ্ছে প্রশাসন।

মোখার মোকাবিলায় আগামী ৭ তারিখ ইনটিগ্রেটেড কন্ট্রোল রুম’ চালু হবে লালবাজারে। সেখানে যোগাযোগ করে সাধারণ মানুষ সাহায্য চাইতে পারবেন। ওই দিন সকাল ৭টা থেকে এই কন্ট্রোল রুম কার্যকর হবে।
কোন নম্বরে ফোন করলে সাহায্য পাওয়া যাবে?
94326 10450 নম্বরে হোয়াটসঅ্যাপ করা যাবে। যে যে নম্বরে ফোন করতে পারবেন-2214 1890, 2250 5033, 2250 5044, 2250 5146।
লালবাজার সূত্রের খবর, বিভিন্ন থানা এবং ট্র্যাফিক গার্ডকে ঝড়-পরবর্তী পরিস্থিতির মোকাবিলার জন্য তৈরি থাকতে বলা হয়েছে। গাছ কাটার যন্ত্র এবং বিকল্প আলোর ব্যবস্থাও রাখতে বলা হয়েছে। শহরের জীর্ণ বাড়িগুলির তালিকা তৈরি রাখতে বলা হয়েছে, যাতে প্রয়োজনে সেখানকার বাসিন্দাদের অন্যত্র সরানো যায়। প্রতিটি থানাকে বলা হয়েছে, নিজেদের এলাকার সিইএসসি এবং পুরপ্রতিনিধিদের সঙ্গে যোগাযোগ রাখতে।