
শেষ আপডেট: 9 May 2023 04:09
দ্য ওয়াল ব্যুরো: কয়েকদিনের স্বস্তির পর ফের তাপপ্রবাহ দক্ষিণবঙ্গে। ঘূর্ণিঝড় মোখার (Cyclone Mocha) প্রভাবে দক্ষিণের আটটি এবং উত্তরবঙ্গের তিনটি জেলাতে তাপপ্রবাহের সতর্কতা (heat wave warning) জারি করেছে আলিপুর আবহাওয়া অফিস। এই পরিস্থিতি বজায় থাকবে বৃহস্পতিবার পর্যন্ত। জেলায় জেলায় পারদ ছুঁয়ে ফেলবে ৪০ ডিগ্রি।
হাওয়া অফিস সূত্রে খবর, বুধবার ঘূর্ণিঝড়ে পরিণত হবে মোখা। বৃহস্পতিবার এই ঘূর্ণিঝড় গতিপথ পরিবর্তন করবে। আলিপুর সূত্রে খবর, বৃহস্পতিবারের পর ক্রমশ বাংলাদেশ ও মায়ানমার উপকূলের দিকে যেতে শুরু করবে মোখা। তবে তা গতিপথ পরিবর্তন করে উত্তর বঙ্গোপসাগরে যায় কিনা, সেদিকেও নজর রাখছেন আবহাওয়াবিদরা।
মৌসম ভবনের আধিকারিকরা জানাচ্ছেন, দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে নিম্নচা তৈরি হতেই জলীয় বাষ্পপূর্ণ বাতাস ছুটছে সেই দিকে। ফলে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তৈরি হচ্ছে শূন্যস্থান। যা পূরণ করতে ছুটে আসছে উত্তর পশ্চিমের গরম হাওয়া। সেই কারণেই তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হয়েছে। আগামী ৪৮ থেকে ৭২ ঘণ্টা পর্যন্ত দাপট দেখাবে এই গরম হাওয়া। বৃহস্পতিবার পর্যন্ত একেবারেই ঝড় বৃষ্টির সম্ভাবনা নেই। বরং মোখার প্রভাবে আর্দ্রতা জনিত অস্বস্তি থাকবে পুরোমাত্রায়।
গত ৩-৪ দিনে এক ধাক্কায় সর্বোচ্চ তাপমাত্রা বেড়েছে ৩ থেকে ৫ ডিগ্রি। আগামী ২৪ ঘণ্টায় ৪০ ডিগ্রি ছোঁবে কলকাতার পারদ। রাজ্যের পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে সর্বোচ্চ তাপমাত্রা পৌঁছে যেতে পারে ৪৩ ডিগ্রি সেলসিয়াসে। মঙ্গলবার বেলা বাড়লে দুই বর্ধমান, বীরভূম, বাঁকুড়া, হাওড়া, হুগলি, দক্ষিণ ২৪ পরগনা এবং পশ্চিম মেদিনীপুরে তাপপ্রবাহের সতর্কতা রয়েছে।
বুধবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই তাপপ্রবাহের পূর্বাভাস। এমনকী, সেদিন উত্তরবঙ্গের মালদহ এবং দুই দিনাজপুরেও তাপপ্রবাহ পরিস্থিতি থাকবে। ১১ মে বৃহস্পতিবার বাঁকুড়া, বীরভূম, দুই বর্ধমান, পুরুলিয়া এবং পশ্চিম মেদিনীপুরে লু বইবে।
সোমবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৮.৫° সেলসিয়াস। মঙ্গলবার ভোরে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৯.৫ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ২৩ থেকে ৮৪ শতাংশ।
রিজেন্ট পার্কে কিশোরীকে ধর্ষণের অভিযোগ, অভিনয়ে সুযোগ দেওয়ার নামে স্টুডিওতে ডেকে নির্যাতন