
শেষ আপডেট: 14 May 2023 08:30
দ্য ওয়াল ব্যুরো: ভারতীয় সময় ১২.৫৪ মিনিট নাগাদ মায়ানমার উপকূলে আছড়ে পড়ছে ঘূর্ণিঝড় মোখা (Cyclone Mocha)। মোখার প্রভাব বাংলায় তেমন পড়বে না, সে কথা আগেই জানিয়েছিল হাওয়া অফিস। কিন্তু তার প্রভাবে সমুদ্র যে উত্তাল হবে, এবং বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সেকথাও জানানো হয়েছিল। দিঘা-তাজপুর-মন্দারমণি সহ বিভিন্ন এলাকায় পর্যটকদের সমুদ্র নামতে নিষেধ করা হয়েছিল। কিন্তু সেই সতর্কতা অমান্য করে জলে নেমে তলিয়ে গিয়েছিলেন এক যুবক (drowned in digha)। যদিও নুলিয়াদের সাহায্য এবং প্রশাসনিক তৎপরতায় প্রাণে বাঁচানো গেছে তাঁকে।
দুর্ঘটনাটি ঘটেছে রবিবার সকালে দিঘা সৈকতে। ছুটি কাটাতে আরও ৩ বন্ধুর সঙ্গে দিঘায় গিয়েছিলেন উত্তর বারাসতের বাসিন্দা গজবুল ইসলাম। রবিবার সকাল সাড়ে ১১টা নাগাদ সমুদ্র স্নান করতে যান চারজন। সেই সময় স্রোতের টানে গভীর সমুদ্রে চলে যান গজবুল। প্রাথমিকভাবে কিছু বুঝতে না পারলেও কিছুক্ষণের মধ্যেই যুবক বুঝতে পারেন, তলিয়ে যাচ্ছেন তিনি।
এরপরেই লোকজনের দৃষ্টি আকর্ষণ করতে গভীর সমুদ্র থেকে হাত নাড়াতে এবং চিৎকার করতে শুরু করেন গজবুল। দেখতে পেয়ে সঙ্গে সঙ্গে জলে নেমে পড়েন নুলিয়ারা। বেশ কিছুক্ষণ চেষ্টার পর উদ্ধার করা গেছে ওই যুবককে। সুস্থ হওয়ার পর তাঁকে দিঘা পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে।
প্রসঙ্গত, ঘূর্ণিঝড়ের সময় সমুদ্র দেখার সাক্ষী হতে অনেকেই হাজির হয়েছিলেন সৈকতে। এই মুহূর্তে দিঘা, মন্দারমণি, তাজপুর সহ বিভিন্ন সমুদ্র সৈকতে নেমেছে পর্যটকদের ঢল। যদিও এখনও পর্যন্ত হালকা মেঘলা আকাশ ছাড়া বৃষ্টির দেখা মেলেনি। বরং বেশ কিছু জায়গায় চড়া রোদ্দুর উঠেছে বলে খবর।
কলেজের অধ্যাপকের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ আনায় সমাবর্তন থেকে বাদ ছাত্রী