
শেষ আপডেট: 17 March 2022 12:12
দ্য ওয়াল ব্যুরো: শীত-গ্রীষ্ম-বর্ষা পেরিয়ে এসেছে বসন্ত। তবু রেহাই নেই নিম্নচাপের হাত থেকে। বঙ্গোপসাগরে ফের শক্তি বাড়াচ্ছে নিম্নচাপ। ঘূর্ণিঝড় হয়ে যা আছড়ে পড়তে পারে বাংলাতেও। সাগরে ঘূর্ণিঝড় ‘অশনি’র (Cyclone Ashani) হালহকিকতের খোঁজ দিল মৌসম ভবন।
যাত্রীবাহী বাসের সঙ্গে লরির সংঘর্ষ, মৃত দুই, আহত বেশ কয়েকজন
বৃহস্পতিবার বিকেলে মৌসম ভবনের প্রকাশিত বুলেটিনে বলা হয়েছে এই মুহূর্তে নিম্নচাপটি অবস্থান করছে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে। আন্দামানের আরও কাছাকাছি এসে সেটি সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হবে শনিবার সকালে। তার গতি থাকবে উত্তর ও উত্তরপূর্ব দিকে।
আন্দামানের উপর দিয়ে এই নিম্নচাপ বয়ে যাবে উত্তরে। ২০ মার্চ রবিবার সকালের মধ্যে এটি ঘূর্ণাবর্তে পরিণত হবে বলে জানিয়েছে মৌসম ভবন। তাদের পূর্বাভাস, ২১ মার্চ সোমবারের মধ্যে জন্ম নেবে ঘূর্ণিঝড় ‘অশনি’। এরপর ঘূর্ণিঝড়ের গতিমুখ থাকবে টানা উত্তর ও উত্তরপূর্বে। ক্রমে এটি বাংলাদেশ ও উত্তর মায়ানমার উপকূলের দিকে এগোবে, স্থলভাগে পৌঁছে যাবে মঙ্গলবার ২২ তারিখ সকালে।
তবে আগামী পাঁচদিন পশ্চিমবঙ্গে ঝড়বৃষ্টির সম্ভাবনা নেই, জানিয়েছে আলিপুরের হাওয়া অফিস। শুষ্ক আবহাওয়া থাকবে উত্তর-দক্ষিণ সর্বত্র। দিন ও রাতের তাপমাত্রাতেও খুব একটা হেরফের হবে না।