
শেষ আপডেট: 14 November 2022 04:39
দ্য ওয়াল ব্যুরো, পশ্চিম বর্ধমান: সপ্তাহের প্রথম দিন সকালবেলাই মর্মান্তিক পথ দুর্ঘটনা আসানসোলে (Asansol)। বালি বোঝাই লরির (sand laden lorry) সঙ্গে ধাক্কা লেগে মৃত্যু হল এক সাইকেল আরোহীর (cyclist)।
ঘটনাটি ঘটেছে সোমবার সকালে আসানসোল দক্ষিণ থানার অন্তর্গত দামরা বাইপাসে। মৃতের নাম গরিব ধরি। তিনি ঘুসিক ধরি পাড়ার বাসিন্দা ছিলেন বলে জানা যাচ্ছে। প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী, সোমবার সকালে বাইপাসের রাস্তা ধরে সাইকেলে চড়ে যাচ্ছিলেন গরিব। সেই সময় ওই রাস্তা দিয়েই যাচ্ছিল একটি ভারী বালি বোঝাই গাড়ি। গাড়িটি সরাসরি ধাক্কা মারে ওই সাইকেল আরোহীকে। ঘটনাস্থলেই মৃত্যু হয় গরিবের।
সাতসকালেই পথ দুর্ঘটনায় হুলস্থূল পড়ে যায় এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছায় পুলিশ। তারা মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বর্ধমান জেলা হাসপাতালে পাঠিয়েছে।
সূত্রের খবর, ওই এলাকায় কালীপাহাড়ি এবং দামরা এলাকায় বেআইনি বালি উত্তোলন নিয়ে দীর্ঘদিন ধরেই অশান্তি চলছে। তার মধ্যেই বালিবোঝাই গাড়ির ধাক্কায় পথচারীর মৃত্যুতে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে স্থানীয় মানুষদের মধ্যে । ঘটনায় শাসক দলকে নিশানা করেছেন বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি। টুইট করে তিনি লেখেন, বালি মাফিয়ার আরও একটি জীবন নিয়ে নিল।
প্রসঙ্গত, কিছুদিন আগেই বার্নপুরে দুই তৃণমূল কর্মী নিহত হয়েছিলেন বালি বোঝাই গাড়ির ধাক্কায়। সেই নিয়ে শুরু হয়েছিল রাজনৈতিক বিতর্ক। তারপর বেশ কয়েকদিন বার্নপুরে বালি পরিবহণ বন্ধ ছিল।
সার্ভিস রিভলভার থেকে বুকে গুলি! যুদ্ধজাহাজের মধ্যেই আত্মহত্যা নৌসেনা আধিকারিকের