
শেষ আপডেট: 30 August 2023 10:51
দ্য ওয়াল ব্যুরো, উত্তর ২৪ পরগনা: কল সেন্টার (Cyber Crime Case) খুলে লোন পাইয়ে দেওয়ায় প্রতিশ্রুতি দিয়ে লক্ষ লক্ষ টাকার প্রতারণা করা হত। অভিযোগ পেতেই সেই কল সেন্টারে হানা দিয়ে দু'জনকে গ্রেফতার করল বনগাঁ সাইবার ক্রাইম শাখার পুলিশ। ধৃতদের মধ্যে একজন ছাত্রনেতা (TMCP Leader)। অপরজন তার বান্ধবী বলে জানা গেছে।
পুলিশ জানিয়েছে, ধৃতদের নাম অভিজিৎ সাহা ও মৌমিতা দাস হাজরা। বুধবার ধরা পরার পর তাদের দুজনকেই বনগাঁ মহকুমা আদালতে পাঠানো হয়েছে।
এরপরেই পুলিশ তদন্তে নেমে বনগাঁ শহরের একটি বাড়িতে হানা দেয়। ওই বাড়িতেই ভুয়ো কল সেন্টার খুলে লোক ঠকানোর কাজ হত বলে অভিযোগ। সেখানে থেকেই গ্রেফতার করা হয় মৌমিতা দাস হাজরাকে। পরে মধ্যমগ্রামের একটি বাড়ি থেকে অভিজিতকেও গ্রেফতার করে পুলিশ। বনগাঁ সাইবার ক্রাইম থানার তদন্তকারীরা প্রাথমিকভাবে জানতে পেরেছে, প্রায় ২০ থেকে ২৫ লক্ষ টাকা প্রতারণার অভিযোগ রয়েছে এই দুজনের বিরুদ্ধে।

স্থানীয় সূত্রে থেকে জানা গেছে, অভিজিৎ শাসকদলের ছাত্র সংগঠনের সঙ্গে যুক্ত ছিল। অভিজিতের সোশ্যাল মিডিয়ার প্রোফাইলের ছবি ঘাঁটলে দেখা যায়, যে এই যুবক তৃণমূলের ছাত্র সংগঠনের একাধিক অনুষ্ঠানে উপস্থিত রয়েছে। নিজেকে সে তৃণমূলের ছাত্র সংগঠনে বারাসাত সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক হিসেবে দাবি করত।
যদিও এই অভিযোগ মানতে নারাজ তৃণমূল। বিষয়টি নিয়ে বারাসত সাংগঠনিক জেলার তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি বিশ্বজিৎ সাহা জানিয়েছেন, ধৃত এই ব্যক্তি সংগঠনের কোনও পদেই ছিলেন না। দলের সঙ্গে তার কোনও সম্পর্ক নেই।
তবে ঘটনাটি সামনে আসতে বিজেপি কটাক্ষ করতে ছাড়ছে না। তাদের দাবি, চাকরি দুর্নীতি থেকে সমস্ত বেআইনি কাজে শাসকদলের জড়িত থাকার প্রমাণ পাওয়া গেছে। এই ঘটনা তার এক জ্বলজ্যান্ত প্রমাণ।
আরও পড়ুন: সংখ্যালঘুদের স্কলারশিপে জালিয়াতি, বাংলা-সহ ২১ রাজ্যে অভিযানে সিবিআই