দ্য ওয়াল ব্যুরো: বাংলায় কোভিড সংক্রমণ এখন অনেকটাই স্তিমিত। কার্যত লকডাউনে অনেক কিছু খুলে গেলেও এখনও লোকাল ট্রেন চলার ক্ষেত্রে এখনও সবুজ সঙ্কেত দেয়নি নবান্ন। তৃতীয় ঢেউয়ের ভ্রূকুটি যখন শিয়রে তখন রাত ৯টা থেকে সকাল ৫টা পর্যন্ত কড়াকড়ি বলবৎ করেছে রাজ্য সরকার। কিন্তু বহু জায়গায় তা আলগা হচ্ছে বলে জেলাশাসকদের সতর্ক করলেন মুখ্যসচিব হরেকৃষ্ণ দ্বিবেদী।
সমস্ত জেলাশাসকদের বলা হয়েছে, রাত ন’টার পর থেকে বহু জায়গায় হোটেল, রেস্টুরেন্সট খোলা থাকছে। সাধারণ মানুষও বহু জায়গায় বিধি মানছেন না। তা রুখতে পদক্ষেপ নিতে হবে সংশ্লিষ্ট প্রশাসনকে।
ফ্লাইং স্কোয়াড এবং নাকা চেকিংয়ে জোর দেওয়ার কথা বলা হয়েছে নবান্নের তরফে। আন্তঃরাজ্য সীমান্ত এবং আন্তর্জাতিক সীমান্তে নিরাপত্তা ব্যবস্থা আঁটোসাঁটো করার নির্দেশ দিয়েছেন মুখ্যসচিব।
গত দু’সপ্তাহে খোদ কলকাতাতেই একাধিক নাইট ক্লাবে বিধি ভেঙে রাতভর পার্টি করার ঘটনা ঘটেছে। যা নিয়ে পুলিশের উপরেও ক্ষুব্ধ রাজ্য সরকার।
এদিন মুখ্যসচিব সমস্ত পুলিশ সুপার ও পুলিশ কমিশনারদের উদ্দেশে নির্দেশ দিয়েছেন, যে যেখানে বিধি ভাঙবে সেখানেই যেন কড়া ব্যবস্থা গ্রহণ করা হয়।