দ্য ওয়াল ব্যুরো: বালি খাদানের বিষয়ে জেলাশাসকদের সঙ্গে বৈঠকে বসেছিলেন রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী। সেখানে এ ব্যাপারে নতুন পলিসির কথা জানান তিনি। বলেন, বালি খাদান নিয়ে অভিযোগ জানাতে নতুন পোর্টাল চালু করা হচ্ছে।
জেলাশাসকদের উদ্দেশে মুখ্যসচিব জানিয়ে দিয়েছেন, এ বিষয়ে এখন থেকে তাঁদের কোনও হাত থাকবে না। মুখ্যমন্ত্রীর নির্দেশে নতুন পদ্ধতি অনুযায়ী কেন্দ্রীয় পদ্ধতিতে বালি খাদানের নিলাম হবে।
নতুন বালি খাদান চিহ্নিত করার কথা এদিন বলেছেন মুখ্যসচিব। এ বিষয়ে জেলাশাসকদের তৎপর হওয়ার নির্দেশ দিয়েছেন।
গোটা বিষয়টি একটি নির্দিষ্ট সুসংহত প্রক্রিয়ায় সম্পন্ন করতে উদ্যোগী হয়েছে সরকার। বলা হয়েছে এ নিয়ে একটি নতুন গাইডলাইন তৈরি করা হচ্ছে। মাইনিং ডেভেলপমেন্ট কর্পোরেশন নতুন পদ্ধতিতে কাজের সহযোগিতা করবে। খোলা হবে একটি সেন্ট্রাল কন্ট্রোল রুম। এখানেই যাবতীয় অভিযোগ জমা পড়বে বলে খবর।
নতুন অনলাইন পোর্টালের মাধ্যমে অভিযোগ জানানো যাবে। পোর্টালে পাওয়া অভিযোগ অনুযায়ী ব্যবস্থা নেবে সরকার। কী ব্যবস্থা নেওয়া হল তাও জানিয়ে দেওয়া হবে পোর্টালের মাধ্যমেই। এই পোর্টালেই বালি খাদান সংক্রান্ত সমস্ত তথ্য থাকবে। বালি খাদানের সঙ্গে যুক্ত যাবতীয় যানবাহন নথিভুক্ত করতে হবে এই পোর্টালে।
সূত্রের খবর, বালি খাদানের লিজের মেয়াদ নতুন করে আর বাড়ানো হবে না অথবা নতুন কোনও লিজ দেওয়াও হবে না। মাইনিংয়ের জন্য নতুন এলাকা চিহ্নিত করা হবে। স্যান্ড মাইনিং পোর্টালের মাধ্যমেই সমস্ত কাজ এগোবে।
কেন নতুন বালি খাদান চিহ্নিত করতে বলা হচ্ছে? এ প্রসঙ্গে এক আধিকারিক জানিয়েছেন, এভাবে রাজস্বের পরিমাণ বাড়াতে উদ্যোগী হচ্ছে সরকার। সরকারের নতুন অনেক জনকল্যাণকর প্রকল্প চালু হয়েছে। তার জন্য অর্থের প্রয়োজন। তাই রাজস্ব বৃদ্ধির দিকে নজর দেওয়া হচ্ছে।