
শেষ আপডেট: 28 January 2024 19:37
দ্য ওয়াল ব্যুরো, জলপাইগুড়ি: ভারত জোড়ো ন্যায় যাত্রায় রবিবার জনজোয়ার দেখা গেছে। যে ভিড় হয়েছে তা দেখে উচ্ছ্বসিত কংগ্রেসের নেতা-কর্মীরা। সেই জনজোয়ারের মাঝে বসেই লড়াইয়ের বার্তা দিলেন রাহুল গান্ধী। তিনি বললেন, বাংলা যেভাবে এই যাত্রার মাধ্যমে ঘৃণার বাজারে ভালোবাসার দোকান খুলতে একজোট হয়েছে, তা দেখে তিনি আপ্লুত।
রাহুল এদিন ন্যায় যাত্রার মাঝে সাধারণের উদ্দেশে বার্তা দেন। কোনও মঞ্চ নয়, ভিড়ের মধ্যেই একটি গাড়ির মাথায় বসে নিজের বক্তব্য রাখেন তিনি। রাহুল বলেন, তিনি যাত্রায় যোগ দেওয়া সকলকে মন থেকে ধন্যবাদ জানাতে চান। তাঁর বক্তব্য, হিংসা, অশান্তি দিয়ে দেশের কোনও ভাল হয় না। কিন্তু ধীরে ধীরে ভালোবাসার এই দেশে ঘৃণা ছড়িয়ে পড়ছে। এর কারণও ব্যাখ্যা করেছেন রাহুল।
তাঁর কথায়, দেশের যুব সম্প্রদায় আজ যে স্বপ্ন দেখে তা তারা পুরণ করতে পারে না। কেউ ডাক্তার, ইঞ্জিনিয়ার, আইনজীবী হতে চান, কিন্তু তা তারা হতে পারেন না। এই কারণেই দেশের মধ্যে হিংসা বেড়ে চলেছে। এই প্রসঙ্গে তিনি কেন্দ্রীয় সরকারকে খোঁচা দিয়ে বলেন, একাধিক শিল্পপতিদের জন্য কাজ করে এই সরকার। বর্তমানে যারা দালালি করে তাদের সম্মান আছে, কিন্তু যারা কাজ করে তাঁদের কোনও সম্মান দেওয়া হয় না।
কিন্তু আবার কেন এই ভারত জোড়ো যাত্রা করলেন রাহুল গান্ধী? তিনি এই প্রশ্নের জবাবে বলেছেন, কন্যাকুমারী থেকে কাশ্মীরের যাত্রার সময় অনেকেই জানতে চেয়েছিল যে বাংলা বা মণিপুরের কী হবে। তাই পূর্ব থেকে পশ্চিম, মণিপুর থেকে মহারাষ্ট্র ফের ভারত জোড়া যাত্রা করার সিদ্ধান্ত নেন তিনি।