
শেষ আপডেট: 10 May 2022 15:14
দ্য ওয়াল ব্যুরো: পুকুরে কুমির ধরা পড়ল পাথরপ্রতিমায় (Crocodile)। সেই নিয়ে সকাল থেকে হুলস্থূল। জানা গেছে, এদিন পাথরপ্রতিমার ফরেস্ট ঘাটে চন্দন দাসের পুকুরে এই কাণ্ড ঘটেছে। সেখানেই নাকি একটা আস্ত ছাগলকে তুলে নিয়ে যাচ্ছিল কুমিরটি (Patharpratima)।
আরও পড়ুন: ফের বিস্ফোরণ মোহালিতে, ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই
স্থানীয়রা দেখতে পেয়ে হইহই করে ওঠেন। কুমিরটিকে (Crocodile) আঘাত করা হয়। এরপর ছাগল ছেড়ে পুকুরে নেমে যায় কুমিরটি। তার দৈর্ঘ্য প্রায় ১০ ফুট বলে খবর।
কুমিরটি পুকুরে নেমে গেলে স্থানীয় বাসিন্দারা তৎক্ষণাৎ খবর দেয় বন দফতরে। বনকর্মীরা এসে কুমিরটিকে ধরার বন্দোবস্ত করেন। কুমির ধরার জন্য পুকুরে জাল ফেলা হয়। অবশেষে দুপুর ১টা নাগাদ কুমিরটিকে ধরা হয়।
কুমির সাধারণত পুকুরে আসে না। নদীতেই থাকে। মনে করা হচ্ছে, ঝোড়ো হাওয়া এবং বৃষ্টির কারণে নদী থেকে বাঁধ টপকে লোকালয়ে চলে এসেছিল এই কুমিরটি।
সূত্রের খবর, ওই এলাকায় খালে গত তিনদিন ধরে একটি কুমির রয়েছে বলে জানতেন স্থানীয়রা। আতঙ্ক ছিলই। বন দফতরকে সেই খবরও দেওয়া হয়েছিল। বনকর্মীরা দিনরাত পাহারায় ছিলেন সেই খালে।
কিন্তু মঙ্গলবার সকালে ছাগল টেনে পুকুরে নিয়ে যায় কুমিরটি। তাকে ধরার জন্য পুকুর থেকে জল টেনে নেওয়ার ব্যবস্থা করা হয়। অবশেষে বনকর্মীদের জালে কুমিরটি ধরা পড়ে। তাকে নৌকায় চাপিয়ে কলস দ্বীপে নিয়ে যাওয়া হবে বলে খবর।