দ্য ওয়াল ব্যুরো: প্রতিবছর কালীপুজোর আগে ময়দানে আতশবাজির (Crackers) বাজার বসত। তবে গত দুবছর ধরে তা হচ্ছে না। এবছর বাজির মেলা চলে আসছে উত্তর কলকাতার সিঁথি সার্কাস ময়দানে। শনিবার নবান্নে বৈঠকের পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এদিন সারা বাংলা আতশবাজি উন্নয়ন সমিতির চেয়ারম্যান বাবলা রায় বৈঠক করেন মুখ্যসচিব স্বরাষ্ট্রসচিবের সঙ্গেও। বৈঠকের পর তিনি জানিয়েছেন, রাজ্য সরকারের সহযোগিতাতেই এবছর সিঁথি সার্কাস ময়দানে আতশবাজির মেলা বসবে।ময়দানে দীর্ঘদিন ধরেই মেলার আয়োজন করতে সমস্যার মুখোমুখি হচ্ছিলেন উদ্যোক্তারা। কারণ তা অত্যন্ত ব্যয়বহুল ছিল। নতুন কোনও জায়গা আতশবাজির মেলার জন্য ঠিক করার আবেদন সরকারের কাছে জানিয়েছিলেন আয়োজকরা। এবছর সিঁথি সার্কাস ময়দানকে এই মেলার জন্য স্থির করা হয়েছে। এতে উদ্যোক্তারাও খুশি।
পাশাপাশি এদিন বাবলা রায় জানিয়েছেন, গত দু'বছর ধরে বাজি বিক্রেতাদের পুলিশ এবং ফায়ার লাইসেন্স আটকে রাখা হয়েছিল। সেই লাইসেন্সও আবার চালু করে দেওয়া হয়েছে। বাজি বিক্রির অনুমতি দেওয়া হয়েছে।
এই আতশবাজির বাজারের সঙ্গে যুক্ত রয়েছেন রাজ্যের প্রায় এক কোটি কুড়ি লক্ষ মহিলা। বাবলা রায় জানিয়েছেন, প্রতিবছর এদের প্রাপ্য টাকা থেকে একটা বড় অংশ কাটমানিতে চলে যায়। সেই সমস্যার সমাধানও হয়েছে এদিন। এবার থেকে টাকা সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউণ্টেই পাবেন মহিলারা। কাটমানির সম্ভাবনা আর থাকবে না।
উল্লেখ্য, গত দুবছর ধরে বাজির বাজার ময়দানে বসেনি। ২০১৯ সালে তা বসেছিল বিবেকানন্দ পার্কে। এরপর ২০২০ সালে এই বাজার বসেছিল মোহনবাগান ময়দানে। ২০২১ সালে সেই বাজার বসছে সিঁথি সার্কাস ময়দানে।