
শেষ আপডেট: 9 August 2023 11:04
দ্য ওয়াল ব্যুরো, হুগলি: তারকেশ্বরের (Tarakeswar) কেশবচক গ্রাম পঞ্চায়েতে নির্বিঘ্নে বোর্ড গঠন করল বামেরা (CPM)। বিলি করা হল লাল বাতাসা। জেলা নেতৃত্বের দাবি এটা বহুখ্যাত গুড় বাতাসার প্রতিষেধক।
বোর্ড গঠনকে কেন্দ্র করে তেতে উঠেছে রাজ্যের বিভিন্ন এলাকা। মারপিট-ভাঙচুর-অগ্নি সংযোগের ঘটনা ঘটছে রাজ্যের নানা এলাকায়। উত্তপ্ত বাসন্তী, কুলপি, চাঁচল, কালিয়াগঞ্জ, জলপাইগুড়ি। ছলে বলে কৌশলে বিরোধী জয়ী প্রার্থীদের দলে টানতে শাসকদল মরিয়া হয়ে উঠেছে বলে অভিযোগ।
নির্ধারিত সময়ে বোর্ড গঠনের প্রক্রিয়া শুরু হয়।এলাকায় মোতায়েন ছিল বিশাল পুলিশ বাহিনী। দলের সর্বসম্মতিক্রমে প্রধান হিসাবে নির্বাচিত হন তপতী কুণ্ডু। উপপ্রধান হিসেবে নির্বাচন করা হয় বিশ্বনাথ সাঁতরাকে। পঞ্চায়েতের সামনেই লাল আবির খেলায় মেতে ওঠেন বাম কর্মী সমর্থকরা। বিলি করা হয় লাল বাতাসা।

সিপিএম জেলা কমিটির সদস্য স্নেহাশিস রায় বলেন, “বীরভূমে সন্ত্রাস চালাতে গুড় বাতাসা বিলি করা হতো আর এখানে মানুষকে কাছে টানতে লাল বাতাসা বিলি করা হল। আগামী দিনে স্বচ্ছতার সঙ্গে পঞ্চায়েতের কাজ এগিয়ে নিয়ে যাওয়া হবে। বোর্ড গঠনের আগে নানা ভাবে বামেদের জয়ী প্রার্থীদের প্রলোভন দেওয়া হয়েছিল এমনকি ভীতি প্রদর্শন করা হয়েছিল। তবে সেসব উপেক্ষা করে এদিন মানুষের পঞ্চায়েত গঠন করে বামেরা।''
রাজ্যে পালা বদলের পরই তৃণমূলের দখলে যায় এই পঞ্চায়েত। ১০ বছর পর পুনরায় তার দখলে নিল বামেরা। সাংগঠনিক ব্যর্থতার কারণের এই হার বলে দাবি স্থানীয় তৃণমূল নেতৃত্বের।
আরও পড়ুন: তৃণমূল সদস্য নিখোঁজ, বোর্ড গঠন করতে না পেরে ধূপগুলিতে রাস্তা নামল বিজেপি