দ্য ওয়াল ব্যুরো: সবে কয়েক ঘণ্টা হয়েছে কলকাতা শহরে এসে পৌঁছেছে করোনার ভ্যাকসিন। ১৬ তারিখ থেকে রাজ্যে টিকাকরণ চালু হবে বলে ঘোষণা হয়েছিল আগেই। আজ ভ্যাকসিন এসে পৌঁছনোর পরেই জেলাশাসক ও জেলা মুখ্যসাস্থ্য আধিকারিকদের ভিডিও কনফারেন্স স্বাস্থ্যসচিব জানিয়ে দিলেন, তিন দিনের মধ্যে জেলায় জেলায় পৌঁছে দেওয়া হবে ভ্যাকিন।
স্বাস্থ্যসচিব এনএস নিগম জানিয়েছেন, প্রথম ভ্যাকসিন দেওয়া শুরু হবে স্বাস্থ্য কর্মীদের। স্বাস্থ্যকর্মীরা যাতে সকলে ভ্যাকসিন পান তা দেখতে হবে বলে জানিয়েছেন তিনি। কেউ যেন বাদ না পড়েন, সে জন্য ডেটাবেস তৈরি করার নির্দেশও দিয়েছেন নিগম।
এদিন ভ্যাকসিন ছাড়াও আরও দু'টি বিষয় নিয়ে ভিডিও কনফারেন্সে আলোচনা হয়। প্রথমত, স্বাস্থ্যসাথী। সচিব বলেছেন, কার্ডের জন্য যাঁরা অ্যাপ্লাই করেছেন বা করছেন, তাঁদের সকলের হাতে যাতে স্বাস্থ্যসাথী কার্ড দ্রুত পৌঁছে যায় তার ব্যবস্থা করতে হবে। দ্বিতীয়ত, চোখের আলো। এই নতুন প্রকল্পটি কার্যকর করতে সব রকম পদক্ষেপ করার নির্দেশও দিয়েছেন স্বাস্থ্যসচিব।