
শেষ আপডেট: 6 July 2022 02:40
দ্য ওয়াল ব্যুরো: কোভিড (Covid 19) দিন দিন ফের বাড়তে শুরু করেছে। গতকালই বাংলায় কোভিড আক্রান্তের সংখ্যা ছিল ২ হাজার ছুঁইছুঁই। বিভিন্ন এলাকা থেকে কোভিডে মৃত্যুর খবরও কানে আসছে। এর মাঝে কোভিড নিয়ে আতঙ্কের নজিরবিহীন ছবি দেখা গেল পানিহাটিতে (Panihati)।
পানিহাটি হাসপাতালে জেনারেল ওয়ার্ডে কোভিড আক্রান্ত রোগীকে ভর্তি করা নিয়ে মাঝরাতে ব্যাপক শোরগোল হয়। অভিযোগ, প্রসূতি ও অন্যান্ত রোগী (Patients) থাকা সত্ত্বেও কোভিড আক্রান্ত এক বৃদ্ধাকে মহিলাদের জেনারেল ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। ওই বৃদ্ধার নাম লক্ষ্মীনারায়ণ দাস, বয়স ৬৭ বছর। বরানগরের বাসিন্দা তিনি।
অভিযোগ, হাসপাতালে কোনও দূরত্ববিধির বালাই ছিল না। অন্যান্য রোগীদের সঙ্গেই এক ওয়ার্ডে রাখা হয়েছিল কোভিড রোগীকেও। খবর জানাজানি হতেই রোগীদের মধ্যে আতঙ্ক ছড়ায়। মাঝরাতে স্যালাইন হাতে নিয়ে রোগীরা ওয়ার্ড থেকে বেরিয়ে পড়েন।
রাত তখন আনুমানিক তিনটে। সেই সময় যে সব রোগীরা কোভিড আতঙ্কে ওয়ার্ড থেকে বেরিয়ে এসেছিলেন তাঁদের অনেকের হাতেই ছিল স্যালাইনের চ্যানেল। ওই অবস্থাতেই মাঝরাতে বিক্ষোভ দেখান রোগীরা। কীভাবে চিকিৎসক ও হাসপাতাল কর্তৃপক্ষ কোভিড রোগীকে ওই ওয়ার্ডে ভর্তি নেওয়ার অনুমতি দিলেন তা নিয়ে প্রশ্ন উঠেছে। পানিহাটি স্টেট জেনারেল হাসপাতালে এই নিয়ে রাতভর অশান্তি চলেছে। হাসপাতাল কর্তৃপক্ষ কেউ ক্যামেরার সামনে মুখ খুলতে চাননি এ ব্যাপারে।
আরও পড়ুন: করোনা আবার বাড়ছে, কড়া কোভিড বিধি মানতে নির্দেশিকা জারি কেন্দ্রের