
শেষ আপডেট: 24 June 2023 12:11
দ্য ওয়াল ব্যুরো, পূর্ব বর্ধমান: শুক্রবার ডিভোর্সের মামলার শুনানি ছিল। হাজিরা দিতে কাটোয়া মহকুমা আদালত চত্বরে এসেছিলেন স্বামী-স্ত্রী। আর সেখানেই ঘটল অঘটন! হঠাৎই মারমুখী হয়ে স্বামীর দিকে তেড়ে গেলেন স্ত্রী। আর তারপর চুলের মুঠি ধরে দু’ঘা বসিয়ে দেন। পাল্টা দেন স্বামীও। দু’জনের হাতাহাতিতে তুলকালাম বাঁধে সেখানে। শেষে সিভিক ভলান্টিয়াররা এসে পরিস্থিতি সামাল দেন।
জানা গিয়েছে, বছর দুয়েক আগে ওই বধূ তাঁর স্বামীকে ছেড়ে দেওরের সঙ্গে সংসার শুরু করেন। এদিকে, স্বামী তাঁর কাছে ডিভোর্স চাইলেও সেটা দিতে রাজি হননি মহিলা। এই নিয়েই যত বিবাদ! যদিও পাল্টা ওই বধূর দাবি, উনি প্রথম থেকেই বিবাহ বিচ্ছেদের জন্য রাজি। কিন্তু তাঁর স্বামী তা চাইছেন না। আজ সেই নিয়েই দু’পক্ষের মারামারি হয়। শেষে দু’জনের আইনজীবী হস্তক্ষেপ করে ঝামেলা মেটান।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কাটোয়ার শ্রীখন্ড গ্রামের বাসিন্দা ওই ব্যক্তির সঙ্গে ২০০৯ সালে বিয়ে হয় ওই মহিলার৷ বিয়ের পর থেকেই ভিনরাজ্যে থাকতেন স্বামী। তবে লকডাউনের সময় তিনি বাড়ি চলে আসেন। এদিকে স্বামীর অবর্তমানে ওই বধূ খুড়তুতো দেওরের সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েন। শেষে স্বামী ফিরতে তাঁর সঙ্গেই পালিয়ে যান৷ পরে পরিবারের লোকজন তাঁকে খুঁজে নিয়ে এলেও তিনি আর স্বামীর সঙ্গে ঘর করতে রাজি হননি। শেষে পরিবারের পক্ষ থেকে ঠিক হয় বধূ তাঁর প্রেমিক, অর্থাৎ সেই দেওরের সঙ্গেই থাকবেন।
সেই মতো স্বামীর ঘর ছেড়ে সেই দেওরের সঙ্গেই সংসার শুরু করেন বধূ। এরপরই প্রাক্তন স্বামী ডিভোর্স চেয়ে আদালতে মামলা করেন। শুক্রবার সেই মামলারই শুনানি ছিল। তাঁর অভিযোগ, আমার সঙ্গে দু’বছর ধরে ওর কোনও সম্পর্ক নেই। আমার স্ত্রী অন্য একজনকে বিয়ে করে সেখানেই বসবাস করছে। কিন্তু ডিভোর্সের কাগজে সই করতে টালবাহানা করছে। আমি বিবাহ বিচ্ছেদ চাওয়ায় ওর বাপেরবাড়ির লোকজন আমায় মারধর করেছে।
স্ত্রীকে দেহ ব্যবসায় নামাতে চেয়েছিল স্বামী! সোনারপুর খুনে বড় তথ্য সিআইডির হাতে