দ্য ওযাল ব্যুরো: এবার কি নভেল করোনাভাইরাস এসে পৌঁছল পশ্চিমবঙ্গেও? মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজে এক যুবকের মৃত্যুর সঙ্গে সঙ্গে সেই প্রশ্নই উঠে গেল। করোনাভাইরাস আক্রান্ত সন্দেহে হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। রক্তপরীক্ষার জন্য নমুনাও পাঠানো হয় পুণের ন্যাশনাল ইনস্টিটিউট অফ ভাইরোলজি-তে। কিন্তু সে রিপোর্ট এসে পৌঁছনোর আগেই মারা গেলেন তিনি।
সূত্রের খবর, মৃত যুবকের নাম এনারুল শেখ। তিনি সৌদি আরবে কাজ করতেন। কয়েক দিন আগে সেখান থেকেই ফেরেন জ্বর, সর্দি-কাশি, শ্বাসকষ্ট, রক্তচাপের সমস্যা নিয়ে। গতকাল অর্থাৎ শনিবার তাঁকে হাসপাতালে নিয়ে আসেন পরিবারের সদস্যরা। চিকিৎসকরা প্রাথমিক পরীক্ষা করে, সঙ্গে সঙ্গে তাঁকে আইসোলেশনে পাঠিয়ে দেন এবং নভেল করোনাভাইরাস হয়েছে কিনা জানার জন্য রক্তের নমুনা সংগ্রহ করে পুণেতে পাঠিয়ে দেন।
পরিবারের তরফে জানা গেছে, তেমন কোনও অসুখ আগে হয়নি এনারুলের। সুস্থই ছিলেন তিনি। সৌদি থেকে ফেরার পরেই জ্বর হয়েছিল। চিকিৎসকরা জানিয়েছেন, ৩৩ বছরের ওই যুবকের সমস্ত লক্ষণই মিলে যাচ্ছিল করোনাভাইরাসের গাইডলাইনের সঙ্গে। তার উপরে তিনি সৌদি-ফেরতা। সেই কারণেই তাঁরা কোনও ঝুঁকি নেননি। কিন্তু তাতেও অবশ্য বিপদ এড়ানো গেল না। আজ, রবিবার মারা যান এনারুল। এনারুলের মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই আতঙ্ক ঘনায় মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজে।
স্বাস্থ্য দফতরের এক কর্তা জানিয়েছেন, শুধু সন্দেহের বশে কিছুই নিশ্চিত করে বলা যায় না। পুণে থেকে রক্তপরীক্ষার রিপোর্ট না আসা পর্যন্ত সকলেই অন্ধকারে এবং দুশ্চিন্তায়।
অন্য দিকে ভারতে ইতিমধ্যেই করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৯। রবিবার কেরলের একই পরিবারের পাঁচ জনের দেহে ধরা পড়েছে এই অসুখ। গোটা দেশেই আতঙ্ক ছড়াচ্ছে বিদ্যুৎ গতিতে।
পরিস্থিতি খতিয়ে দেখতে শনিবার বিকেলে বৈঠক করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন। শুক্রবার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের তরফে সমস্ত রাজ্যের চিকিৎসক প্রতিনিধিদের নিয়ে প্রশিক্ষণ শিবির হয়েছে দিল্লিতে। বাংলা থেকে ওই শিবিরে যোগ দেন এসএসকেএম, উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ, বেলেঘাটা আইডি, স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিন ও রাজ্য স্বাস্থ্য দফতরের নোডাল অফিসাররা। রাজ্যে ফিরে তাঁরা আবার প্রশিক্ষণ দেবেন অন্য চিকিৎসকদের। রাজ্যে উচ্চপর্যায়ের প্রশাসনিক বৈঠকের পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আবেদন জানিয়েছেন, আতঙ্কিত হবেন না। সতর্ক হোন।
চিনে করোনা-মহামারীতে তিন হাজারেরও বেশি মানুষের মৃত্যুর পরে ‘হু’ প্রকাশিত ঝুঁকির দেশগুলির তালিকায় আগেই ছিল ভারত। সে ঝুঁকির আশঙ্কা সত্যি হয়েছে। ১৬ ইতালীয় পর্যটক আছেন এই তালিকায়। একেবারে শুরুতে কেরলেরই হানা দিয়েছিল করোনা। তার পরে তেলেঙ্গানায় ধরা পড়েন করোনাভাইরাস আক্রান্ত এক রোগী। এখন সে অসুখ এসে পৌঁছেছে দিল্লিতে। গতকাল নতুন সংযোজন হয় কাশ্মীর। এদিন ফের কেরলে থাবা বসায় মারণ ভাইরাস।
কিন্তু এই তালিকায় বাংলাও ঢুকে পড়ল কিনা, তা নিশ্চিত হওয়া যাবে মুর্শিদাবাদে মৃত যুবকের রক্তপরীক্ষার রিপোর্ট এলেই।