দ্য ওয়াল ব্যুরো : করোনাভাইরাস সংক্রমণের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য বিশ্বভারতীর স্কুল পরীক্ষা বন্ধ থাকছে। শুক্রবার বিদেশি ছাড়া অন্য সকল পড়ুয়াকে হোস্টেল ছাড়তে বলা হয়েছে। করোনাভাইরাস সম্পর্কে সাবধানতা অবলম্বনের জন্য গত ৫ মার্চ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের এক নির্দেশিকা আসে। তারপর ১৩ মার্চ বিশ্বভারতী কর্তৃপক্ষ জরুরি সভা ডাকে। সেখানে এই সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত গৃহীত হয়।
সভায় উপস্থিত ছিলেন সমস্ত ভবনের অধ্যক্ষ, কর্মসচিব, পরীক্ষা বিভাগের আধিকারিক, ও পিয়ারসন মেমোরিয়াল হাসপাতালের মুখ্য স্বাস্থ্য আধিকারিক, উর্ধ্বতন স্বাস্থ্য আধিকারিক এবং উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী। উপাচার্যের সভাপতিত্বে এই সভায় সর্বসম্মতভাবে ঠিক হয় যে, চলতি বছরের ১৪ মার্চ থেকে ৩০ মার্চ পর্যন্ত যে স্কুল পরীক্ষা নির্ধারিত ছিল তা পরবর্তী বিজ্ঞপ্তি জারি না করা পর্যন্ত বন্ধ থাকবে। ফের ৩১ মার্চ গোটা বিষয়টি নিয়ে পর্যালোচনার পর পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। ৩০ মার্চ পর্যন্ত হোস্টেল বন্ধ থাকবে। ৩০ মার্চ পরবর্তী সিদ্ধান্ত নেবে কর্তৃপক্ষ। ততদিন পর্যন্ত ছাত্রদের হোস্টেলে ফিরতে মানা করা হয়েছে।