
শেষ আপডেট: 23 December 2022 08:09
দ্য ওয়াল ব্যুরো, পূর্ব মেদিনীপুর: সমবায় সমিতির নির্বাচন (Cooperative Society Election) ঘিরে উত্তপ্ত নন্দীগ্রাম (Nandigram)। তৃণমূল-বিজেপি সমর্থকদের মধ্যে ব্যাপক সংঘর্ষে রণক্ষেত্র হয়ে ওঠে নন্দীগ্রাম-২ ব্লকের খোদামবাড়ি এলাকা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে মোতায়েন করা হয় বিশাল পুলিশবাহিনী।
নন্দীগ্রাম-২ ব্লকের ভেতুরিয়া সমবায় সমিতির নির্বাচন ঘিরে শুক্রবার সকাল থেকেই ব্যাপক উত্তেজনা ছড়ায়। তৃণমূল (TMC) অভিযোগ করে, বিজেপি (BJP) বহিরাগতদের এনে ভোট লুট করার চেষ্টা করছে। পাল্টা একই অভিযোগ করে বিজেপি। তাদের দাবি, বিধানসভা নির্বাচনে নন্দীগ্রাম হাতছাড়া হওয়ার পর যেকোনও উপায়ে সমবায় নির্বাচনেও জিততে মরিয়া হয়ে উঠেছে তৃণমূল কংগ্রেস।
জেলা পুলিশের কমব্যাট ফোর্স তৃণমূল ও বিজেপি সমর্থকদের মধ্যে দেওয়াল তৈরি করে দাঁড়িয়ে থাকলেও শেষ পর্যন্ত সংঘর্ষ এড়ানো যায়নি। দুই পক্ষের মারামারিতে মাথা ফাটে এক তৃণমূল কর্মীর। ঝরঝর করে রক্ত পড়তে থাকে। বিজেপির দাবি, তাদেরও এক কর্মী আহত হয়েছেন। যদিও এই গন্ডগোলের মধ্যেই শুরু হয় ভোট গ্রহণ।
এই ভেতুরিয়া সমবায় সমিতিতে মোট ১২টি আসন আছে। এর মধ্যে তৃণমূল ও বিজেপি প্রথমে সবকটি আসনেই মনোনয়ন জমা দেয়। কিন্তু পরে বিজেপির এক সংখ্যালঘু মহিলা প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করায় তৃণমূল একটি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করে। বাকি ১১টি আসনে ভোট গ্রহণ চলছে। এই নির্বাচনে বামেরা ৬টি আসনে লড়ছে।
দমকলে নিয়োগ এখনই নয়, হাইকোর্টের স্থগিতাদেশের পর অনিশ্চিত ১৫০০ চাকরিপ্রার্থীর ভবিষ্যত!