
শেষ আপডেট: 26 July 2023 09:38
দ্য ওয়াল ব্যুরো, কোচবিহার: হাসপাতালে মৃত্যু হল কোচবিহারের (Coochbehar) নির্যাতিতা নাবালিকার (Minor Girl Death)। তারপরেই আরও এক ন্যক্কারজনক কাণ্ড এই হাসপাতাল চত্বরেই। মর্গের সামনে শোকার্ত বাবাকে নিয়ে রীতিমতো টানাহ্যাঁচড়া চলল তৃণমূল ও বিজেপি সদস্যদের মধ্যে। দু’দলেরই দাবি দেহ তুলে দিতে হবে তাদের হাতে।
দু’দিন ধরে তাকে আটকে রেখে গণধর্ষণ করে পাঁচ দুষ্কৃতী। তারপরে তাকে কোচবিহারের একটি বেসরকারি হাসপাতালের সামনে রেখে দিয়ে পালিয়ে যায় তারা। সেখান থেকেই খবর পায় বাড়ির লোকজন। আশঙ্কাজনক অবস্থায় কোচবিহার মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা চলছিল নবম শ্রেণির ওই ছাত্রীর। বুধবার শেষ হল লড়াই। ডাক্তারদের সব চেষ্টা ব্যর্থ করে এদিন ভোরে মৃত্যু হয় ওই নাবালিকার।
ময়নাতদন্তের পর নির্যাতিতার মৃতদেহ নিয়ে বাড়িতে যাওয়ার সময় তুলকালাম কাণ্ড বেঁধে যায় কোচবিহার এনজেএন মেডিক্যাল কলেজ হাসপাতালে। একদিকে তৃণমূল স্লোগান দিতে থাকে, অপরদিকে বিজেপি মৃতদেহ হাইজ্যাক করে নিয়ে যাওয়ার অভিযোগ তুলে সরব হয় তৃণমূলের বিরুদ্ধে।
মেডিক্যাল কলেজ হাসপাতালের সামনে শুরু হয় তীব্র বাদানুবাদ। মর্গের সামনে বিজেপির কর্মী সমর্থকরা নির্যাতিতার বাবাকে ঘিরে দাঁড়ায়। অভিযোগ, সেই সময় তাদের সরিয়ে শোকার্ত বাবাকে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করে তৃণমূল। তীব্র অশান্তির সৃষ্টি হয় হাসপাতাল চত্বরে। পথ অবরোধে বসে পড়ে তৃণমূল। বিজেপি নেতারা অভিযোগ করেন নির্যাতিতার পরিবার তাঁদের সমর্থক।
এই অশান্তির মধ্যেই পুলিশ নির্যাতিতার বাবাকে কোনওরকমে উদ্ধার করে একটি গাড়িতে তুলে নিয়ে চলে যায়। এক স্কুলছাত্রীর এমন মর্মান্তিক পরিণতির পর রাজনৈতিক দলগুলির এই ভূমিকায় বাকরুদ্ধ কোচবিহার শহরের মানুষ।
আরও পড়ুন: কোচবিহারে নাবালিকাকে অপহরণ করে টানা দুদিন ধরে ধর্ষণ! অভিযুক্ত চার যুবক গ্রেফতার