গুরুতর অসুস্থতার মধ্যেও পরীক্ষায় বসার জেলেখার এই মানসিক দৃঢ়তা ইতিমধ্যেই এলাকায় প্রশংসা কুড়িয়েছে।

শেষ আপডেট: 2 February 2026 16:12
দ্য ওয়াল ব্যুরো: কোচবিহারে পরীক্ষা চলাকালীন গুরুতর অসুস্থ হয়ে পড়ল এক মাধ্যমিক পরীক্ষার্থী Madhyamik examinee)। পরীক্ষাকেন্দ্র থেকেই তড়িঘড়ি তাঁকে নিয়ে যাওয়া হয় কোচবিহার (Cooch Behar) এমজেএম মেডিক্যাল কলেজ ও হাসপাতালে। শেষ পর্যন্ত হাসপাতালের বেডেই বসে জীবনের প্রথম বড় পরীক্ষা দিল সে (Cooch Behar Madhyamik student exam from hospital)।
জানা গিয়েছে, পরীক্ষার্থীর নাম জেলেখা খাতুন, কোচবিহার জেলার খোলটা স্কুলের ছাত্রী। তার পরীক্ষার সিট পড়েছিল কোচবিহার জেলার বানেশ্বর খাপসা হাই স্কুলের মাধ্যমিক পরীক্ষা কেন্দ্রে।
কী হয়েছিল?
পরীক্ষা দিতে গিয়ে আচমকাই অসুস্থ হয়ে পড়ে জেলেখা। সঙ্গে সঙ্গে পরিস্থিতি সামাল দেন স্কুলের শিক্ষিকারা। দ্রুত অ্যাম্বুলেন্সে করে তাকে কোচবিহার এমজেএম মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর পরীক্ষার ব্যবস্থা করা হয়, এবং হাসপাতালেই বাকি পরীক্ষাটুকু দেন জেলেখা।
এই ঘটনায় পরীক্ষার্থীর পরিবারের সদস্যরা জানান, পরীক্ষা দিতে গিয়ে হঠাৎই অজ্ঞান হয়ে যান জেলেখা। তবে ঠিক কী কারণে এমনটা ঘটল, তা এখনও স্পষ্ট নয়। পরিবারের অনুমান, হয়তো পরীক্ষার ভয় বা মানসিক চাপে এমন পরিস্থিতি তৈরি হয়েছিল। তবে আপাতত জেলেখা সুস্থই আছে বলে জানিয়েছেন তাঁরা।
গুরুতর অসুস্থতার মধ্যেও পরীক্ষায় বসার জেলেখার এই মানসিক দৃঢ়তা ইতিমধ্যেই এলাকায় প্রশংসা কুড়িয়েছে।