পুলিশের হাত ছাড়িয়ে নদীতে ঝাঁপ। তবে শেষরক্ষা হল না।
চুরির অভিযোগে গ্রেফতার হওয়ার পর আদালতে নিয়ে আসার পথে নদীতে ঝাঁপ দিয়ে পালানোর চেষ্টা করেছিল অভিযুক্ত। কিন্তু ভরা জোয়ারে সম্ভব হল না তা। নদী থেকে তুলে শিবনাথ করণ নামে ওই অভিযুক্তকে আদালতে পেশ করা হয়।
পুলিশ জানিয়েছে, বুধবার সাগরের হারাধনপুর থেকে চুরির অভিযোগে গ্রেফতার করা হয় শিবনাথকে। কাকদ্বীপ মহকুমা আদালতে তোলার জন্য বৃহস্পতিবার নিয়ে আসা হচ্ছিল তাঁকে। সাগর থেকে কাকদ্বীপে আসার পথে মুড়িগঙ্গা নদী। নদী পার হওয়ার সময় পুলিশের হাত ছাড়িয়ে হঠাৎই নদীতে ঝাঁপ দেয় ধৃত শিবনাথ। এই ঘটনায় থতমত খেয়ে যান উপস্থিত পুলিশ কর্মীরা। প্রায় সঙ্গে সঙ্গেই শুরু হয় শিবনাথের খোঁজ। প্রথম দিকে নাকি তাকে নজরেই পড়েনি কারও। কারণ তখন ডুব সাঁতার দিয়ে নদী পেরোনোর আপ্রাণ চেষ্টা করছে শিবনাথ। কিন্তু ভরা জোয়ারে নদীর স্রোতের কাছে হার মানে সে। প্রায় হাবুডুবু খেয়েই তখন বাঁচার জন্য মরিয়া চেষ্টা শুরু করে শিবনাথ। আর দেরি করেননি পুলিশ কর্মীরা। নদী থেকে কোনও মতে তুলে এ দিনই তাঁকে হাজির করা হয় কাকদ্বীপ মহকুমা আদালতে।