দ্য ওয়াল ব্যুরো: যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের ভোট প্রচারে জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের সভানেত্রী ঐশী ঘোষকে আনার পরিকল্পনা নিয়েছে এসএফআই। আগামী ১৪ ফেব্রুয়ারি ঐশীর ক্যাম্পাসে আসার কথা। কিন্তু নির্বাচনবিধি কার্যকর হয়ে যাওয়ায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ স্পষ্ট জানিয়ে দিয়েছে, কোনও ভাবেই ‘বহিরাগত’ ঐশীকে ক্যাম্পাসে ঢুকতে দেওয়া হবে না। পরিস্থিতি বুঝে পাল্টা কৌশল নিয়ে ফেলল দীনেশ মজুমদার ভবন।
এসএফআই-এর তরফে বলা হচ্ছে, ঐশীকে দিয়ে কর্মসূচি করানো হবেই। তা কোনও ভাবে বন্ধ হবে না। কিন্তু কী ভাবে? বাম ছাত্র সংগঠনের পরিকল্পনা, বিশ্ববিদ্যালয়ের চার নম্বর গেটের বাইরে মঞ্চ বাঁধা হবে। সেখানেই বক্তৃতা করবেন বাম ছাত্র আন্দোলনের এই নতুন মুখ।
যাদবপুর থানা থেকে এইট বি মুখী ওই রাস্তা অত্যন্ত গুরুত্বপূর্ন। এসএফআই পরিকল্পনা নিয়েছে, যদি শেষ পর্যন্ত ঐশীকে ক্যাম্পাসে ঢুকতে না-ই দেয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, তাহলে কোনও রকম সংঘাতে তারা যাবে না। বরং রাস্তা বন্ধ করে সমাবেশ করে নিজেদের শক্তি দেখাতে চাইছে সিপিএমের ছাত্র সংগঠন।
ঐশীকে ক্যাম্পাসে ঢুকতে দেওয়া হবে না শুনে প্রাথমিক ভাবে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়েছিল এসএফআই কর্মীদের ভিতর। কিন্তু নেতারা তাঁদের পইপই করে বোঝাচ্ছেন, ঐশীকে যদি ক্যাম্পাসে ঢোকানোর জন্য জবরদস্তি করা হয়, এবং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাতে যদি প্রাথমিক ভাবে বাধ্যও হয়, তাহলে তা হবে খাল কেটে কুমীর ডেকে আনার মতো ঘটনা। কেন? বাম ছাত্র নেতাদের অনেকের বক্তব্য, ঐশী ঢুকলেই এবিভিপি থেকে টিএমসিপি—সমস্ত সংগঠনই বাইরের নেতাদের ক্যাম্পাসে ঢোকাবে। তা সামাল দেওয়া মুশকিল হয়ে যাবে। ভোটের চারদিন আগে তাই বাড়তি ঝুঁকি নিতে চাইছে না এসএফআই।
এমনিতেই এবার যাদবপুরের ভোটে রেকর্ড গড়েছে গেরুয়া শিবিরের ছাত্র সংগঠন। আর্টস ও ইঞ্জিনিয়ারিং-এর সমস্ত পদে প্রার্থী দিয়েছে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ। বেশ কিছু শ্রেণি প্রতিনিধি আসনেও প্রার্থী দিয়েছে সঙ্ঘ পরিবারের ছাত্র সংগঠন। উপরি রয়েছে এসএফআইয়ের বেশ কিছু নেতানেত্রীর সংগঠন ছেড়ে চলে যাওয়া। বেশ কিছুটা চাপ নিয়েই ভোট লড়তে হচ্ছে ভারতের ছাত্র ফেডারেশনকে। একই সঙ্গে ভোটে দানা বাঁধেনি বাম ছাত্র ঐক্য। ঐশীদের জেএনইউয়ে যে ঐক্যের মডেল গড়ে উঠেছিল, যাদবপুরে তা ধাক্কা খেয়েছে। আইসা, ডিএসও-র মতো বাম ছাত্রসংগঠন আলাদা করে লড়ছে যাদবপুরের ভোটে। তাই ঐশীকে ঢুকিয়ে বিরোধীদের বহিরাগতদের আহ্বান জানাতে চাইছে না এসএফআই।