
শেষ আপডেট: 29 May 2023 06:34
দ্য ওয়াল ব্যুরো, দক্ষিণ ২৪ পরগনা: আবারও বেলাগাম মন্তব্য (Controversial Comment) করলেন আরাবুল ইসলাম (Arabul Islam)। পুলিশ না থাকলে আইএসএফ কর্মীদের পিঠের চামড়া থাকত না বলে মন্তব্য করলেন ভাঙড়ের প্রাক্তন বিধায়ক।
রবিবার ভাঙড়ের ভোগালি ২ নম্বর এলাকায় কর্মিসভা করেন আরাবুল ইসলাম। তারপরেই সাংবাদিকদের মুখোমুখি হন। সেখানেই তিনি বলেন, “নওসাদ বলছে পুলিশ তাঁকে বাধা দিচ্ছে, পুলিশ যদি না থাকত নওসাদ সিদ্দিকি ভাঙড়ে ঢুকতে পারত না। নওসাদ সিদ্দিকির কর্মীদের পিঠের চামড়া থাকত না।” এখানেই না থেমে আরাবুল আরও বলেন, “শাসকদলে থাকলে অনেক লড়াই করতে হয়। আমি যখন বিরোধী দলে ছিলাম, তখন পুলিশ আমাকে গার্ড দিত। পুলিশের নিরাপত্তায় আমরা মিটিং-মিছিল করতাম। এখনও তাই হয়। পুলিশ আছে বলেই আইএসএফ ভাঙড়ে ঢুকতে পারে।”
প্রাক্তন বিধায়কের মন্তব্যের প্রতিক্রিয়ায় নওসাদ বলেন, “চিকিৎসা করানো দরকার আরাবুল সাহেবের। গণতান্ত্রিক প্রক্রিয়াতেই জনগণ ইঞ্চিতে ইঞ্চিতে হিসেব বুঝে নেবে। সে দিন আর বেশি দূরে নেই।” অন্যান্য বিধায়কের মতো তিনি যে পুলিশের নিরাপত্তা নিয়ে ঘোরেন না সেই কথাও স্মরণ করিয়ে দেন। রবিবার ভোগালি দু'নম্বর অঞ্চল তৃণমূলের কর্মী সম্মেলনে ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লা সহ ভাঙড়ের এক ঝাঁক তৃণমূল নেতা উপস্থিত ছিলেন।
ভাঙড়ের গানেরআইটে বোমা বিস্ফোরণের ঘটনায় ১৩ জন আইএসএফ কর্মীর নামে লিখিত অভিযোগ করে তৃণমূল। গানেরআইটে একটি ধিক্কার মিছিল ও সভাও করে তৃণমূল। ওই সভাতেই তৃণমূলের নামে যারা খারাপ ভাষা ব্যবহার করবে গ্রামের ভিতর থেকে তাঁদের ধরে এনে বেঁধে হাত পা গুড়ো করে দেওয়ারও নিদান দিয়েছিলেন ভাঙড়ের প্রাক্তন বিধায়ক।
খুনের ভয় পরিচালকের, ‘ডায়েরি অফ ওয়েস্ট বেঙ্গল’ নিয়ে ইতিমধ্যেই পুলিশ তলব করেছিল তাঁকে